এনহাইপেন ছাড়ছেন সংগীতশিল্পী হিসুং, একক অ্যালবামের ঘোষণা
পপ বয় গ্রুপ এনহাইপেন ছাড়ছেন সংগীতশিল্পী হিসুং। মঙ্গলবার তাঁর এজেন্সি বিলিফট ল্যাব বিষয়টি নিশ্চিত করেছে। ফ্যান কমিউনিটি প্ল্যাটফর্ম উইভার্সে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রুপের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
এজেন্সির বিবৃতি ও সিদ্ধান্তের কারণ
এজেন্সির ভাষ্য, ‘হিসুং নিজের মতো করে পথচলা শুরু করতে চান। সবকিছু বিবেচনার পর আমরা তাঁর সেই ইচ্ছাকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছি।’ বিলিফট ল্যাব আরও জানিয়েছে, ২৪ বছর বয়সী এই সংগীতশিল্পীকে ছাড়াই ছয় সদস্যের দল হিসেবে কার্যক্রম চালাবে এনহাইপেন।
এজেন্সির মতে, ‘দীর্ঘ সময়ের চিন্তাভাবনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বুঝতে পারছি, ভক্তদের জন্য বিষয়টি মেনে নেওয়া কঠিন হতে পারে। কিন্তু এনহাইপেন ও হিসুং—উভয়ের ভবিষ্যৎ বিবেচনা করেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।’
হিসুংয়ের ভবিষ্যৎ পরিকল্পনা
সামনে একক অ্যালবাম প্রকাশের পরিকল্পনা করেছেন হিসুং। ভক্তদের উদ্দেশে হিসুং বলেন, ‘খুব শিগগির আবার আপনাদের সামনে আসব। সে জন্য একটি অ্যালবামের কাজ করছি। আপনাদের ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি সামনে এগিয়ে যাব।’
এনহাইপেনে হিসুংয়ের যাত্রা
২০২০ সাল থেকে এনহাইপেনে ছিলেন হিসুং। গ্রুপের প্রথম অ্যালবাম ছিল ‘বর্ডার: ডে ওয়ান’। এই সময়ে তিনি গ্রুপের সঙ্গে বিভিন্ন সাফল্য অর্জন করেছেন এবং ভক্তদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন।
এনহাইপেনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিলিফট ল্যাব আশাবাদী। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা গ্রুপের অন্যান্য সদস্যদের পাশাপাশি হিসুংয়ের একক কর্মকাণ্ডেও সমর্থন জানাবে।



