ইরানি হামলার তীব্র নিন্দা জানাল কুয়েত
উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের ওপর ইরানের বারবার চালানো হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১ জুন) ভোরে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতের একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল কুয়েত। ইরান দাবি করেছে, দেশটির সিরিক দ্বীপে হামলার জন্য ওই ঘাঁটিটি ব্যবহার করা হয়েছিল।
কুয়েতের বিবৃতি
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের এই হামলাগুলো একটি বিপজ্জনক উস্কানি এবং কুয়েত রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত। বিবৃতিতে আরও বলা হয়, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের নিয়ম, জাতিসংঘ সনদ এবং ২০২৬ সালের নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের চরম লঙ্ঘন। পাশাপাশি এটি দেশের বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষার জন্য একটি মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।
সার্বভৌমত্ব রক্ষার অধিকার
উদ্ভূত পরিস্থিতিতে সার্বভৌমত্ব রক্ষায় কুয়েত যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে বলে স্পষ্ট জানিয়েছে মন্ত্রণালয়। তারা উল্লেখ করেছে, নিজেদের নিরাপত্তা বজায় রাখতে এবং ভূখণ্ড রক্ষায় প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার কুয়েতের রয়েছে। একই সঙ্গে এই জঘন্য আগ্রাসনের জন্য ইরানকে সম্পূর্ণভাবে দায়ী করা হয়েছে। সূত্র: আল-জাজিরা।



