তীব্র গরমের পর স্বস্তি: ৪ জুন থেকে বৃষ্টি, কমবে তাপমাত্রা
তীব্র গরমের পর স্বস্তি: ৪ জুন থেকে বৃষ্টি, কমবে তাপমাত্রা

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ আগামী ৩ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে এরপরেই স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। ৪ জুন থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে, যার ফলে তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত চার দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আগামী ৩ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বৃষ্টিপাতের সম্ভাবনা

মঙ্গলবার (২ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৬ থেকে ৫০ শতাংশ এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ১ থেকে ২৫ শতাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৪ জুন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫০ থেকে ৭৫ শতাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ২৫ থেকে ৫০ শতাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া ৫ জুন থেকে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের ৫০ থেকে ৭৫ শতাংশ এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের ২৫ থেকে ৫০ শতাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার পরিবর্তন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। এর প্রভাবে তাপমাত্রাও কিছুটা কমে আসতে পারে। আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৩ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ