নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। পাঁচ ওয়াক্ত নামাজ শুধু দায়িত্ব নয়, বরং বান্দার সঙ্গে আল্লাহর দৈনিক সাক্ষাৎ। অনেক মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজের রাকাআত সংখ্যা নিয়ে জানতে চান, বিশেষ করে ফরজ, সুন্নাত, ওয়াজিব ও নফলের পার্থক্য। নিচে পাঁচ ওয়াক্ত নামাজের ন্যূনতম রাকাআত সংখ্যা ও উত্তম আমলের বিবরণ দেওয়া হলো।
নামাজ সম্পর্কে কুরআনের নির্দেশনা
আল্লাহ তাআলা বলেন: 'তোমরা নামাজ প্রতিষ্ঠা কর, জাকাত প্রদান কর এবং রুকুকারীদের সঙ্গে রুকু কর।' (সুরা আল-বাকারা: ৪৩) আরও ইরশাদ হয়েছে: 'নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে।' (সুরা আন-নিসা: ১০৩)
পাঁচ ওয়াক্ত নামাজের রাকাআত সংখ্যা
সালাতুল ফজর: মোট ৪ রাকাআত
- ২ রাকাআত সুন্নাতে মুয়াক্কাদা
- ২ রাকাআত ফরজ
ফজরের সুন্নাত সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন: 'ফজরের দুই রাকাআত (সুন্নাত) পৃথিবী ও এর সবকিছুর চেয়েও উত্তম।' (মুসলিম ৭২৫)
সালাতুল জোহর: মোট ১০ রাকাআত
- ৪ রাকাআত সুন্নাত
- ৪ রাকাআত ফরজ
- ২ রাকাআত সুন্নাত
অনেকে এর পরে আরও ২ রাকাআত নফল আদায় করেন।
সালাতুল আসর: ৪ রাকাআত
- ৪ রাকাআত ফরজ
অনেকে ফরজের আগে ৪ রাকাআত সুন্নাত আদায় করেন, যা ফজিলতপূর্ণ আমল।
সালাতুল মাগরিব: মোট ৫ রাকাআত
- ৩ রাকাআত ফরজ
- ২ রাকাআত সুন্নাত
অনেকে সুন্নাতের পর আরও ২ রাকাআত নফল আদায় করেন।
সালাতুল ইশা: মোট ৯ রাকাআত
- ৪ রাকাআত ফরজ
- ২ রাকাআত সুন্নাত
- ৩ রাকাআত বিতর (ওয়াজিব)
অনেকে ফরজের আগে ৪ রাকাআত সুন্নাত এবং বিতরের পরে ২ রাকাআত নফল আদায় করেন।
দৈনিক ন্যূনতম ৫ ওয়াক্ত নামাজে রাকাআতের হিসাব
প্রতিদিন একজন মুসলমানের ন্যূনতম আদায়যোগ্য নামাজ:
- ফজর: ৪
- জোহর: ১০
- আসর: ৪
- মাগরিব: ৫
- ইশা: ৯
- মোট: ৩২ রাকাআত
এগুলো ফরজ, সুন্নাত ও ওয়াজিব মিলিয়ে ন্যূনতম উত্তম আমলের হিসাব। যারা শুধু ফরজ নামাজ আদায় করেন, তাদের জন্য দৈনিক ১৭ রাকাআত নামাজ আদায় করতে হয়।
নামাজ মুমিনের জীবনের আলো, হৃদয়ের প্রশান্তি ও জান্নাতের চাবিকাঠি। শুধু ফরজ আদায় করেই দায়িত্ব শেষ নয়; বরং রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাত অনুযায়ী সুন্নাত ও নফল নামাজের প্রতিও যত্নশীল হওয়া উচিত। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে এবং সুন্নাত আমলের প্রতি গুরুত্ব দেয়, তার জীবন আল্লাহর রহমত ও বরকতে ভরে ওঠে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার, সুন্নাত ও নফল ইবাদতের প্রতি যত্নবান হওয়ার এবং নামাজের মাধ্যমে তাঁর নৈকট্য অর্জনের তাওফিক দান করুন। আমিন।



