ফ্রান্সে মানসিক রোগের চিকিৎসায় 'থেরাপি গাধা' পদ্ধতি সাফল্য পাচ্ছে
ফ্রান্সে মানসিক রোগের চিকিৎসায় 'থেরাপি গাধা' সাফল্য

ফ্রান্সে মানসিক রোগের চিকিৎসায় 'থেরাপি গাধা' পদ্ধতি

মানসিক রোগে আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে এক অভিনব পদ্ধতি বেছে নিয়েছে ফ্রান্সের প্যারিস উপশহরের ভিল-এভরার্ড মানসিক হাসপাতাল। সেখানে কোনও জটিল চিকিৎসা বা ওষুধ নয়, বরং 'থেরাপি গাধা'-এর সাহায্যে রোগীদের সুস্থ হতে সহযোগিতা করা হচ্ছে। যা পুরো ফ্রান্সে এক অনন্য নজির সৃষ্টি করেছে।

কিভাবে কাজ করে এই থেরাপি?

হাসপাতাল কমপ্লেক্সের খামারবাড়ি এবং বন ঘেরা শান্ত পরিবেশে রোগীরা গাধাদের সঙ্গে নিয়ে হাঁটতে বের হন এবং তাদের যত্ন নেন। কেউ কেউ বেশ আত্মবিশ্বাসের সঙ্গে গাধার খুর পরিষ্কার করেন, আবার অনেকেই ভালোবেসে জড়িয়ে ধরে শেষ করেন এই থেরাপি সেশন। ফ্রান্সে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অর্থায়নে রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে এই সুযোগ পান।

রোগীদের মতামত

৬০ বছর বয়সী নাটালি নামের এক রোগী বলেন, এটি মনে স্বস্তি এনে দেয়। এটি আপনাকে অন্য সব চিন্তা থেকে দূরে রাখবে। জেরোম (৫২) নামের আরেক রোগী জানান, এই উদ্যোগটি তার একাকীত্ব কমাতে সাহায্য করে। তিনি বলেন, এটি চিকিৎসা ও ওষুধের চেনা ছক থেকে মুক্ত হতে সাহায্য করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নার্সের পর্যবেক্ষণ

অ্যানিমেল থেরাপির নার্স অড্রে সেফার জানান, মাত্র কয়েকটা সেশনের পরই নাটালির মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। সেফার বলেন, প্রাণীটি চমৎকার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

কিভাবে শুরু হলো এই প্রোগ্রাম?

২০১৬ সালে এরমোলিন্ডা এবং ফ্রাঁসোয়া হাডি দম্পতির হাত ধরে হাসপাতালে এই গাধাগুলো আনা হয়। এরমেলিন্ডা একজন মানসিক রোগ বিশেষজ্ঞ নার্স এবং তার স্বামী ফ্রাঁসোয়া থেরাপির কাজের জন্য গাধাদের প্রশিক্ষণ দেওয়া শেখেন। অবহেলা ও নির্যাতনের হাত থেকে বাঁচিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে এই প্রাণীদের দত্তক নেওয়া হয়েছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গাধার বিশেষত্ব

ফ্রাঁসোয়া হাডি বলেন, গাধা খুবই শান্ত ও ধীরস্থির প্রাণী। ২০২২ সাল থেকে এই অ্যানিমেল থেরাপি প্রোগ্রামটি হাসপাতালের একটি অফিশিয়াল স্বাস্থ্যসেবা ইউনিট হিসেবে স্বীকৃতি পেয়েছে। বর্তমানে এই কর্মসূচিতে গাধা ছাড়াও গিনিপিগ, মুরগি, ছাগল ও খরগোশ অন্তর্ভুক্ত করা হয়েছে।

কাদের জন্য এই থেরাপি?

স্বাস্থ্যকর্মীরা জানান, বিষণ্ণতা, উদ্বেগ, অটিজম বা সিজোফ্রেনিয়ার মতো রোগীদের আবেগ নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থা এবং আত্মসম্মান বৃদ্ধির জন্য এই সেশনগুলোর প্রচলন করা হয়েছে। এরমেলিন্ডা হাডি বলেন, আমরা যখন প্রাণীর পরিচ্ছন্নতা নিয়ে কাজ করি, তা রোগীর নিজের পরিচ্ছন্নতার বোধ তৈরিতেও সাহায্য করে। এটি কোনও ডাক্তার বা প্রেসক্রিপশনের বিকল্প নয়, তবে এটি রোগীদের আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করে।

ভবিষ্যৎ পরিকল্পনা

এই থেরাপিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে এখন আরও বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন বলে জানান তিনি। সেশন শেষে এক নার্স এই প্রোগ্রামের মূল আকর্ষণটি চমৎকারভাবে ফুটিয়ে তুলে বলেন, এই গাধাগুলোই আমার সেরা সহকর্মী।