কোরবানির পশুর হাট ইজারা পাওয়া ব্যক্তিদের আনুষ্ঠানিকভাবে কার্যাদেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। রাজধানীর গুলশানে ডিএনসিসির নগরভবনে আজ বুধবার দুপুরে আয়োজিত এক সমন্বয় সভায় এ কার্যাদেশ প্রদান করা হয়।
শর্ত না মানলে ব্যবস্থা
সভায় ইজারাদারদের উদ্দেশে শফিকুল ইসলাম খান বলেন, প্রতিটি হাটের জন্য প্রায় ৩৯টি শর্ত দেওয়া হয়েছে। কোনো হাট নির্ধারিত সীমানার বাইরে গেলে, যানজট বা জনভোগান্তি সৃষ্টি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের আগে বেচাকেনা শুরু করলে তা অবৈধ গণ্য হবে।
দিয়াবাড়ির হাট প্রসঙ্গ
দিয়াবাড়িতে পশুর হাট নিয়ে নানা প্রশ্ন উঠলেও সেখানে এখনও বেচাকেনা শুরু হয়নি। শফিকুল ইসলাম খান জানান, সেখানে কেবল প্রস্তুতিমূলক কাজ চলছে। বড় পরিসরের অবকাঠামো তৈরি করতে কিছু সময় লাগায় ইজারাদারেরা আগেভাগে প্রস্তুতি নিচ্ছেন। তবে হাট নির্ধারিত সীমানার বাইরে চলে গেলে বা সড়কে ছড়িয়ে পড়লে সিটি করপোরেশন ব্যবস্থা নেবে।
নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা
প্রশাসক বলেন, এবার রেললাইন, উড়ালসড়ক বা ঝুঁকিপূর্ণ স্থানের আশপাশে কোনো হাট বসতে দেওয়া হয়নি। দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে তিনি জানান, প্রতিটি হাটে নির্দিষ্ট জায়গায় প্রতিদিনের বর্জ্য জমা রাখতে হবে, যাতে সিটি করপোরেশনের গাড়ি সহজে তা অপসারণ করতে পারে। নির্দিষ্ট স্থানে ছোট একটি সাইনবোর্ড বা ব্যানার লাগিয়ে রাখতে হবে, যাতে পরিচ্ছন্নতাকর্মীরা সহজে জায়গাটি শনাক্ত করতে পারেন।
ইজারাদারদের অভিযোগ
সভায় ইজারাদারেরা হাট পরিচালনায় বিভিন্ন সহযোগিতা চান। কেউ পানিনিষ্কাশন ব্যবস্থার উন্নতি, কেউ বালু ফেলার প্রয়োজনীয়তা, আবার কেউ পশুচিকিৎসকের ব্যবস্থা চান। এসব বিষয়ে সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রশাসক।
উপস্থিত কর্মকর্তারা
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর ও প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান উপস্থিত ছিলেন।
ঢাকা উত্তরের হাটের তালিকা
ঢাকা উত্তর সিটি এলাকায় একটি স্থায়ী পশুর হাট রয়েছে—গাবতলী গবাদিপশুর হাট। এর ইজারাদার হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ। এ ছাড়া অস্থায়ী ১০টি হাটের ইজারাপ্রক্রিয়া চূড়ান্ত হয়েছে:
- মিরপুর সেকশন ৬ (ইস্টার্ন হাউজিং)-এর খালি জায়গায় হাট, ইজারাদার সিরাজুল ইসলাম।
- মিরপুর কালশী বালুর মাঠের (১৬ বিঘা) খালি জায়গা হাট, ইজারাদার রেদোয়ান রহমান।
- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-সংলগ্ন খালি জায়গায় হাট, ইজারাদার আমিনুল ইসলাম।
- পূর্ব হাজীপাড়া এলাকার ইকরা মাদ্রাসার পাশের খালি জায়গার হাট, ইজারাদার এম আসলাম।
- উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টর-সংলগ্ন বউবাজার এলাকার খালি জায়গার হাট, ইজারাদার শেখ ফরিদ হোসেন।
- ডিএনসিসি ৪৪ নম্বর ওয়ার্ড কাঁচকুড়া বাজার-সংলগ্ন রহমান নগর হাট, ইজারাদার রফিকুল ইসলাম সরকার।
- খিলক্ষেত থানাধীন মস্তুল চেকপোস্ট-সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গার হাট, ইজারাদার বিল্লাল হোসেন।
- খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গায় হাট, ইজারাদার আবুল কালাম আজাদ।
- বাড্ডা থানার অন্তর্গত স্বদেশ প্রপার্টির খালি জায়গায় হাট, ইজারাদার তুহিরুল ইসলাম।
- বড় বেরাইদ বসুন্ধরা গ্রুপের খালি জায়গায় হাট, ইজারাদার আতাউর রহমান।
এ ছাড়া গত মঙ্গলবার আরও একটি হাটের দরপত্র উন্মুক্ত করা হয়েছে—৩০০ ফুট সড়ক সংলগ্ন ডুমনি মৌজার যমুনা গ্রুপের খালি জায়গার হাট। এ হাটের সরকারি মূল্য ৬০ লাখ টাকা। আজ হাটের মূল্যায়ন কমিটি বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে সভায় জানানো হয়।



