শিক্ষার্থীদের গাছের পাতা, ছাল, ফুল-ফল চেনাতে অনুষ্ঠিত হয়েছে দ্বিজেন শর্মা প্রকৃতিপাঠ তৃতীয় পর্ব। প্রকৃতিপ্রেমী শিক্ষার্থীদের জন্য রমনা পার্কে মাকসুদুল আলম বিজ্ঞানাগারের (ম্যাসল্যাব) সৌজন্যে এই আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।
২৫ এপ্রিল ২০২৬ শনিবার প্রকৃতিপাঠে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, অভিভাবক ও শিক্ষকেরা। সকাল আটটায় শিক্ষার্থীদের উদ্যানে বিভিন্ন গাছের সঙ্গে পরিচিতি পর্ব শুরু হয়। এরপর প্রতিটি গাছের বৈশিষ্ট্য, গঠন ও প্রকৃতিতে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষার্থীরা যে গাছ সম্পর্কে জেনেছে
স্বর্ণচাঁপা, বাওবাব, ডালিম, তেঁতুল, কৃষ্ণচূড়া, কাঁঠাল, হাসনাহেনা, রেইন ট্রি, শিরীষ, গগন শিরীষ, অঞ্জন, পাউডার পাফ, কদম, চন্দ্রপ্রভা, সেগুন, ইউক্যালিপটাস, অশ্বত্থ, শ্বেত শিমুল, নাগলিঙ্গম, রসুনলতা, নিম, ছাতিম, গুস্তাভিয়া, থুজা, দেবদারু, অর্জুন, নাগেশ্বর, ফাইকাস, বকুল, অশোক, কাঠবাদাম, ক্রিসমাস ট্রি, মহুয়া, লটকন, কাজুবাদাম, পিটুনিয়া, জিনিয়া।
এই পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা গাছ সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পেয়েছে এবং প্রকৃতিকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে।
পরিচয় পর্ব ও অংশগ্রহণকারীদের মতামত
পর্যবেক্ষণ শেষে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা পরিচয় পর্বে অংশ নেয়। শিক্ষার্থীরা তাদের পছন্দের গাছের নাম জানায়।
প্রকৃতিপাঠে অংশ নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সোফিয়া। সে জানিয়েছে, গরম উপেক্ষা করে প্রকৃতির কাছাকাছি যেতে পেরে তার খুব ভালো লেগেছে। আজ সে নতুন গাছ সম্পর্কে জেনেছে এবং পরিচিত গাছগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পেরেছে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সামিন জানিয়েছে, সকালে ঘুম থেকে উঠে রমনা উদ্যানে আসতে প্রথমে তার বিরক্ত লাগছিল। তবে এখানে এসে অন্যদের দেখে গাছ চিনতে সে আগ্রহী হয়ে ওঠে।
প্রকৃতিপাঠে গাছ চেনান এবং সঞ্চালনা করেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির স্বেচ্ছাসেবক ও সিটি ইউনিভার্সিটির কৃষি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া নিশি। শেষে তিনি শিক্ষার্থীদের গাছ উপহার দেন।



