প্রাথমিক বিজ্ঞান: সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান বৃদ্ধি
প্রাথমিক স্তরের বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের আলোচনা। বয়ঃসন্ধিকাল থেকে শুরু করে শক্তির রূপ, পরিবেশ সংরক্ষণ, খাদ্য সংরক্ষণ এবং রোগ প্রতিরোধ সম্পর্কে মৌলিক ধারণাগুলো এখানে উপস্থাপন করা হলো।
বয়ঃসন্ধিকালের পরিবর্তন ও মানসিক স্বাস্থ্য
প্রশ্ন: বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কী করবে?
উত্তর: বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে আমি দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে মা-বাবা, শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সঙ্গে পরামর্শ করব। এই সময়ে পরিবার ও শিক্ষকদের সহায়তা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে কী পরিবর্তন হয়ে থাকে?
উত্তর: বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তন হয়ে থাকে। এই পরিবর্তনগুলো স্বাভাবিক এবং প্রত্যেকের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
শক্তির রূপ ও তাপ সঞ্চালন
প্রশ্ন: শক্তির ৫টি রূপের নাম লেখো।
উত্তর: শক্তির ৫টি রূপের নাম হলো—
- বিদ্যুৎশক্তি
- আলোক শক্তি
- তাপশক্তি
- শব্দশক্তি
- যান্ত্রিক শক্তি
প্রশ্ন: তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কী কী?
উত্তর: তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া হলো—
- পরিবহন
- পরিচলন
- বিকিরণ
প্রশ্ন: কীভাবে আলো সঞ্চালিত হয়?
উত্তর: আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়।
প্রশ্ন: পরমাণু কী?
উত্তর: পরমাণু হলো এমন সূক্ষ্ম কণা, যা খালি চোখে দেখা যায় না। এটি পদার্থের মৌলিক গঠন উপাদান।
প্রশ্ন: শক্তির রূপান্তর কাকে বলে?
উত্তর: শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে।
প্রশ্ন: পানির কয়টি অবস্থা?
উত্তর: পানির তিনটি অবস্থা। এ তিনটি অবস্থা হলো—
- বরফ
- পানি
- জলীয় বাষ্প
পরিবেশ সংরক্ষণ ও বিকিরণ
প্রশ্ন: পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লেখো।
উত্তর: পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় হলো—
- প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমানো।
- গাড়ির ধোঁয়া নিয়ন্ত্রণ করা, গাড়ি কম ব্যবহার করে হাঁটার অভ্যাস করা।
- কলকারখানার বর্জ্য, রাসায়নিক পদার্থ ইত্যাদি পরিশোধন করে বাইরে ফেলতে হবে।
- ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা।
- জনসচেতনতা বৃদ্ধি করা।
প্রশ্ন: বিকিরণ কী?
উত্তর: যে প্রক্রিয়ায় তাপশক্তি কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারদিকে ছড়িয়ে পড়ে, তা-ই বিকিরণ।
খাদ্য সংরক্ষণ ও সুষম খাদ্য
প্রশ্ন: খাদ্য সংরক্ষণের ৩টি উপায় বর্ণনা করো।
উত্তর: খাদ্য সংরক্ষণের তিনটি উপায় হলো—
- রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ: রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ একটি প্রাচীন সংরক্ষণ পদ্ধতি। চাল, ডাল, গম, শুঁটকি ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়।
- লবণ দিয়ে সংরক্ষণ: মাছ, মাংস ও অন্যান্য পচনশীল খাবার লবণ দিয়ে সংরক্ষণ করা হয়।
- ফ্রিজে সংরক্ষণ: মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় সংরক্ষণ করা হয়।
প্রশ্ন: খাদ্য সংরক্ষণের উপকারিতা কী?
উত্তর: খাদ্য সঠিক উপায়ে সংরক্ষণ করা হলে খাদ্য অপচয় রোধ হয় এবং দ্রুত পচন থেকেও খাদ্য রক্ষা করা যায়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া ও দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়।
প্রশ্ন: সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন?
উত্তর: আমাদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য এবং শরীরকে কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্যের প্রয়োজন।
প্রশ্ন: জাঙ্কফুড কী?
উত্তর: জাঙ্কফুড হচ্ছে একধরনের কৃত্রিম খাদ্য; যাতে চিনি, লবণ, চর্বি থাকে, যা আমাদের শরীরে খুব সামান্যই দরকার হয়।
রোগ প্রতিরোধ ও সংক্রামক রোগ
প্রশ্ন: কীভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়, তার পাঁচটি উপায় লেখো।
উত্তর: নিচের উপায়ে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়—
- সুষম খাদ্য নিয়মিত গ্রহণ করা।
- হাত জীবাণুমুক্ত রাখা।
- পচা-বাসি খাবার গ্রহণ না করা।
- হাঁচি-কাশির সময় রুমাল বা হাতের কনুই দিয়ে মুখ ঢাকা।
- চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
প্রশ্ন: বায়ুবাহিত রোগ কী?
উত্তর: বায়ুবাহিত রোগ হলো সেসব রোগ, যা রোগীর হাঁচি-কাশি কাপড়চোপড় বা কথা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। হাম, বসন্ত ইত্যাদি বায়ুবাহিত রোগ।
প্রশ্ন: ডেঙ্গু কীভাবে ছড়ায়?
উত্তর: এডিস মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ছড়ায়।
প্রশ্ন: পানিবাহিত দুটি রোগের নাম লেখো।
উত্তর: পানিবাহিত দুটি রোগের নাম হলো—
- ডায়রিয়া
- টাইফয়েড
প্রশ্ন: তিনটি ছোঁয়াচে রোগের উদাহরণ দাও।
উত্তর: তিনটি ছোঁয়াচে রোগ হলো—
- ফ্লু
- ইবোলা
- হাম
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা



