টরন্টোতে নবম বাংলাদেশ ফেস্টিভ্যালের বর্ণিল আয়োজন
টরন্টোতে নবম বাংলাদেশ ফেস্টিভ্যালের বর্ণিল আয়োজন

লং উইকেন্ডের স্নিগ্ধ আবহে কানাডার টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হলো নবম বাংলাদেশ ফেস্টিভ্যালের বর্ণিল ও সফল আয়োজন। প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো দিনটি রূপ নেয় এক টুকরো বাংলাদেশের মিলনমেলায়। সাংস্কৃতিক পরিবেশনা, সৌহার্দ্যপূর্ণ আড্ডা ও উৎসবমুখর পরিবেশে আয়োজনটি ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর।

উপস্থিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা মারিট স্টাইলস, এমপি ডলি বেগম, টরন্টোর মেয়র অলিভিয়া চাওসহ স্থানীয় কাউন্সিলর, এমপিপি, এমপি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁদের উপস্থিতি উৎসবের মর্যাদা আরও বৃদ্ধি করে।

সম্মাননা প্রদান

কমিউনিটিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ আয়োজনে সম্মাননা প্রদান করা হয়। এ পর্যায়ে প্রয়াত ‘কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার ২০২৬’ পান বিশিষ্ট কবি ও অনুবাদক শাহানা আক্তার মহুয়া।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাংস্কৃতিক অনুষ্ঠান

এবারের ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পাশাপাশি জনপ্রিয় শিল্পী মুজা ও আজরিন কামালের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং উপস্থিতদের মাঝে দারুণ উচ্ছ্বাস সৃষ্টি করে।

খাবার ও স্টল

অডিটোরিয়ামের বাইরে ছিল উৎসবের বাড়তি আমেজ। বাহারি পোশাক, হস্তশিল্পের স্টল এবং নানা ধরনের খাবারের পসরা পিয়াজু, পুরি, সমুচা, চটপটি, মোগলাই পরোটা, মুড়ি-মাখা, বিরিয়ানি ও চায়ের সুবাসে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

মানবিক উদ্যোগ

অনুষ্ঠানের একটি বিশেষ দিক ছিল অটিজম শিশুদের জন্য উৎসর্গকৃত মানবিক উদ্যোগ। আয়োজকদের এ ধরনের সচেতনতা ও সামাজিক দায়িত্বশীলতার প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বাংলাদেশ ফেস্টিভ্যাল উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটির সংস্কৃতি, ঐতিহ্য ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি এই উৎসবকে বাংলাদেশ ও কানাডার পারস্পরিক বন্ধুত্ব ও সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা

আয়োজক শাহিদুল ইসলাম মিন্টু জানান, এক দশক পূর্তি উপলক্ষে আগামী বছর দশম বাংলাদেশ ফেস্টিভ্যাল আরও বর্ণিল ও জমজমাটভাবে আয়োজন করা হবে।