চোখের নিচের কালো দাগ শুধু ঘুমের অভাবেই হয় না; বরং পানিশূন্যতা, অ্যালার্জি, ভিটামিনের অভাব এবং দীর্ঘসময় স্ক্রিন ব্যবহারের ফলেও হতে পারে। কিন্তু আমরা অনেকেই ভেবে থাকি— চোখের নিচে কালি? নিশ্চয়ই ভালো ঘুম হয়নি। চোখের নিচে কালি কেবল শুধুমাত্র ঘুমের অভাবের কারণেই হয়। তা ঠিক নয়; এর নেপথ্যে আরও অনেক কারণ রয়েছে, যার কারণে পাল্টে যায় ছোপের ধরনও। তাই কারণ জানলে সমাধানের রাস্তা খোঁজাও সহজ হয়। কার চোখের নিচে কেন এবং কী কারণে কালি পড়ে, তা শনাক্ত করা দরকার।
চোখের নিচে কালি পড়ার পাঁচটি প্রধান কারণ
এ বিষয়ে চর্মরোগ চিকিৎসক প্রণীতা জৈন কয়েকটি কারণ ব্যাখ্যা করেছেন। নিচে সেগুলো বিস্তারিত আলোচনা করা হলো:
১. দাগ-ছোপের কারণে কালি
এর প্রধান কারণ হচ্ছে— দাগ-ছোপের কারণে চোখের নিচে কালি। কারণ কালো, বাদামি রঙ জেঁকে বসে থাকে চোখের তলায়। অতিরিক্ত মেলানিন উৎপাদনের ফলে এভাবে কালি পড়ে যায়। জিনগত, রোদের তাপ, অ্যালার্জি বা প্রদাহের কারণে এ উপসর্গ দেখা যায়।
২. চোখের গর্তের কারণে কালি
দ্বিতীয়ত চোখের গর্তের কারণে কালি পড়ে। চোখের নিচের অংশ যদি গর্ত হয়ে যায় বা বসে যাওয়ার মতো দেখায়, তাহলে সেই ছায়ার কারণেও ডার্ক সার্কল বেশি চোখে পড়তে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বা ওজন কমে গেলে চোখের নিচে চর্বির স্তর সঙ্কুচিত হয়ে যায়। ফলে সেখানে একটি সুনির্দিষ্ট গর্ত তৈরি হয়। ছায়া পড়ার কারণে তা কালো দেখায়। যদি ওপরের দিকে তাকানোর পর এই কালো ছোপ কমে যায়, তবে বুঝবেন— এটি দাগ নয়, বরং ছায়া।
৩. ত্বকের রঙে ভিন্নতার কারণে কালি
তৃতীয়ত ত্বকের রঙে ভিন্নতার কারণে চোখের নিচে কালি পড়ে। কারণ ত্বকে এমন কিছু রেখা তৈরি হয়, যার কারণে মুখের একেক অংশে একেক রকমের রঙ তৈরি হয়। চোখের নিচের অংশ আর গালের মাঝে স্পষ্ট রেখা তৈরি হতে পারে। দুদিকে দুরকমের রঙ দেখা যায়। অনেকেই তা চোখের নিচের কালি ভেবে ভুল করতে পারেন। এটি কোনো রোগ বা সমস্যা নয়; বরং ত্বকের গঠনের কারণেই এমনটি হয়ে থাকে। অতিরিক্ত রোদ, হরমোনের হেরফের কিংবা কিছু প্রসাধনীর ব্যবহারের কারণে এই দাগ আরও স্পষ্ট হতে পারে।
৪. সূক্ষ্ম রেখার কারণে ছায়া
চতুর্থত সূক্ষ্ম রেখার কারণে ছায়া পড়ে। বয়সের কারণে চোখের নিচে চামড়া কুঁচকে বা ঝুলে গিয়ে ভাঁজের সৃষ্টি হয়। ত্বকে কোলাজেনের ঘাটতি হওয়ায় চোখের তলায় এমন ছাপ পড়ে। ভাঁজগুলোর কারণে সেখানে এক প্রকার ছায়ার সৃষ্টি হয়, যাকে অনেকেই ভুলবশত ডার্ক সার্কল মনে করে থাকেন।
৫. রক্তনালির কারণে কালি
পঞ্চমত রক্তনালির কারণে চোখের নিচে কালি পড়ে। হালকা বেগনি ও গোলাপি রঙের ছাপ থাকতে পারে চোখের তলায়। ক্লান্তির সময়ে বেশি চোখে পড়ে এটি। ত্বকের রঙ হালকা হলে আরও বেশি করে বোঝা যায়। চোখের তলার চামড়া অত্যন্ত পাতলা হয়, রক্তনালি দৃশ্যমান হয় সেখান থেকে। ফলে রক্তনালির ফুটে ওঠা রঙ দেখা যায় চোখের তলায়। ক্লান্তির সময়ে যখন রক্ত সঞ্চালনের গতি কমে যায়, জলশূন্যতা দেখা যায়, কম ঘুম হয়; ঠিক তখনই এই রঙ আরও স্পষ্ট হয়ে ওঠে।



