প্রকৃতির কোলে ফিরে যাওয়ার স্বপ্ন: মাটির চুলো, ডিঙিনৌকা আর ময়না পাখির রাজত্ব
প্রকৃতির কোলে ফিরে যাওয়ার স্বপ্ন: মাটির চুলো আর ময়না পাখি

প্রকৃতির কোলে ফিরে যাওয়ার স্বপ্ন: মাটির চুলো, ডিঙিনৌকা আর ময়না পাখির রাজত্ব

যেখানে একটি মাটির চুলো, একটি ডিঙিনৌকা আর মাটি–জল সব হবে আমার রাজত্ব। এমন একটি ঘরের প্রয়োজনীয়তা অনুভব করছি আমি। যখন সবাই আমাকে ব্যর্থ বলে দাবি করবে, বলবে তুমি রঙিন জীবনের দাসত্ব করবে। তখন ঘড়িতে সময় দেখতে হবে না, একটু পর আমার জীবন শুরু হচ্ছে কি না তা নিয়ে চিন্তা করতে হবে না। পথে পথে হাঁটতে গেলে মনে হবে না, কোনো দায়িত্বের পিছুটান ছুটে যাবে কি না। এমন একটি ঘর আমার খুব দরকার।

ময়না পাখি হবে আমার মন্ত্রী

অমন একটি ঘর, যেখানে একটি মাটির চুলো, একটি ডিঙিনৌকা আর মাটি–জল সব হবে আমার রাজত্ব। আমি হব রাজা আর একটি ময়না পাখি—সে হবে আমার মন্ত্রী মশাই। সামনের সপ্তাহে হাটে গিয়ে একটি ময়না পাখি কিনে আনব। বটগাছের ছায়ায় বসে যখন এই বুকে শীতল বাতাস ছুঁয়ে যাবে গোধূলিবেলায়। কি অপরূপ এই সৌন্দর্য, কি মায়া প্রকৃতির। আমি ডাক দিয়ে বলব, পাখি! আমাকে একটু গান শুনাবে তো?

গাছের ডালে বসে পাখি গানের সুর তুলবে, অকূল দরিয়ায় বুঝি কূল নাই রে!!! কি অপরূপ এই সৌন্দর্য, কি মায়া প্রকৃতির। আমার এমন একটি ঘর খুব দরকার। সন্ধ্যা হলে এক কাপ চা আমার চাই তো চাই। গত সপ্তাহে বাজার থেকে চা আয়োজনের সব বন্দোবস্ত করে নিয়ে এসেছি। এক কাপ চা ঝটপট বানিয়ে একটি কুপি জ্বালিয়ে আমার প্রাসাদের উঠানে পাটি বিছিয়ে বসব। নিজের হাতে বানানো চায়ের স্বাদই আলাদা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বই পড়ার আনন্দ ও প্রকৃতির মাঝে জীবন

চায়ে চুমুক দিতেই মনে পড়বে শেষবার প্রাসাদে আসার সময় ট্রাঙ্কে করে কয়েকটি বই এনে ছিলাম। ট্রাঙ্ক খুলতেই ‘আরণ্যক’ খুঁজে পাব। চা খেতে খেতে পড়া শুরু করব। এক পাতা–দুই পাতা করে কখন যে বইয়ের পুরোটা শেষ করে ফেলব, খেয়ালই থাকবে না। হঠাৎ কুপিতে কেরোসিনের সংকটে আলো কমায় চোখ পড়বে। বিভূতিভূষণ সাহেব বলবেন, ‘মানুষ কী চায়—উন্নতি না আনন্দ?’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অরণ্যের এমন বর্ণনা খুব কম বইয়ের পাতা উল্টোলেই পাওয়া যায়। জীবনের স্মৃতি-অভিজ্ঞতাগুলোর এমন সৌন্দর্য মাধুর্য সত্যিই চমৎকার। উন্নতির আফসোস অসহায়ের দিকে একটু তাকালেই হয়ত কমে যেত। বেঁচে থাকার এমন পথের অভিজ্ঞতা কজন পেয়েছে? জীবনের কোনো একটা অংশে প্রকৃতির কাছে ফেরা উচিত।

মাটির কাছে ফেরার শিক্ষা

অমন একটি ঘর খুব দরকার। যেখানে আরণ্যক আমাকে আরও দারুণভাবে অনুভব করতে শেখাবে অরণ্যকে। জীবনের কোনো একটা অংশে প্রকৃতির কাছে ফেরা উচিত। সাধারণ জীবন আর বেঁচে থাকার লড়াই শেখার জন্য হলেও আমাদের ভরা যৌবনে মাটির কাছে ফেরা উচিত। হয়তো কোদাল দিয়ে মাটি কাটতে গিয়ে জীবনের সব থেকে কঠিন সিদ্ধান্ত সহজ মনে হবে, অথবা কাঠফাটা রোদে হাওরের মাঝে সারা দিন জাল ফেলে একটি মাছ নিয়ে বাড়ি ফেরা আমাদেরকে ধৈর্য, চাওয়া পাওয়ার সীমাবদ্ধতায় বাস্তবতা মেনে খুশিতে বেঁচে থাকার শিক্ষা দেবে।

গরম ভাত আর ওই একটি মাছ ভাজা দিয়ে রাতে বেশ খাওয়া হবে আমার। আমার ঘরটায় চার দিকেই জানালা থাকবে। সবগুলো জানালা খুলে শীতল পাটিতে শুয়ে শান্তির ঘুম দেব। আমি স্বপ্ন দেখছি!!! অমন একটি ঘর আমার খুব দরকার।