গরু কি সত্যিই মেঘ দেখে ভয় পায়? বিজ্ঞান যা বলছে
গরু কি সত্যিই মেঘ দেখে ভয় পায়? বিজ্ঞান যা বলছে

গ্রামের মানুষ বহুদিন ধরেই এমন দৃশ্য দেখে আসছেন। কেউ বলেন, ‘গরু বুঝে গেছে ঝড় আসছে।’ কেউ বলেন, ‘মেঘ দেখলে ভয় পায়।’ কিন্তু সত্যিই কি গরু মেঘ দেখে ভয় পায়? নাকি এর পেছনে আছে অন্য কোনো বৈজ্ঞানিক কারণ?

গরুর অনুভূতি: শব্দ ও পরিবেশের পরিবর্তন

আসলে গরুরা মানুষের মতো পৃথিবীকে দেখে না। ওদের ইন্দ্রিয় কাজ করে ভিন্নভাবে। বিশেষ করে শব্দ, গন্ধ আর পরিবেশের ছোট ছোট পরিবর্তন ওরা অনেক আগে থেকেই টের পায়। আমরা যখনো আকাশের দিকে তাকিয়ে ভাবছি ‘বৃষ্টি হবে নাকি?’, তখন হয়তো গরু বুঝে গেছে বড় একটা ঝড় আসছে।

গরুর শ্রবণশক্তি মানুষের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। দূরের বজ্রধ্বনি বা বাতাসের গম্ভীর কম্পন ওরা আগে থেকেই শুনতে পারে। আমরা অনেক সময় যে শব্দ শুনতেই পাই না, সেটিও ওরা টের পায়। ঝড়ের আগে আকাশে যে নিম্ন কম্পাঙ্কের শব্দ তৈরি হয়, সেটি অনেক প্রাণীই অনুভব করতে পারে। গরুও তাদের মধ্যে একটি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বায়ুমণ্ডলের চাপের প্রভাব

শুধু শব্দ নয়, বাতাসের চাপ বদলালেও গরু অস্বস্তি অনুভব করতে পারে। ঝড় আসার আগে বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে। মানুষ সাধারণত এটি সরাসরি বুঝতে পারে না, কিন্তু প্রাণীদের শরীর এই পরিবর্তনের প্রতি অনেক বেশি সংবেদনশীল। তাই মেঘ জমার কিছু আগেই গরুর আচরণ বদলে যেতে পারে।

শেখা ভয়: খারাপ অভিজ্ঞতার স্মৃতি

তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, গরুর ভয় অনেক সময় শেখা ভয় বা লার্নড ফেয়ারও হতে পারে। ধরো, কোনো গরু একবার ভয়ংকর বজ্রঝড়ের মধ্যে পড়েছিল। প্রচণ্ড শব্দ, বিদ্যুৎ চমক, দৌড়াদৌড়ি—সব মিলিয়ে সেটি ওর জন্য খুব ভয়ের অভিজ্ঞতা হয়ে থাকতে পারে। এরপর আবার যখন একই ধরনের কালো মেঘ বা গর্জন দেখা দেয়, তখন আগের স্মৃতি ফিরে আসে। মানুষ যেমন খারাপ অভিজ্ঞতার পর একই পরিস্থিতিতে ভয় পায়, প্রাণীদের ক্ষেত্রেও তেমনটা ঘটে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই কারণেই বাংলায় একটি প্রবাদ আছে—‘ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়।’ এখানে ‘সিঁদুরে মেঘ’ মানে লালচে বা অস্বাভাবিক রঙের মেঘ, যা ঝড়ের ইঙ্গিত হতে পারে। অর্থাৎ একবার বিপদে পড়লে পরে সামান্য লক্ষণ দেখলেও ভয় তৈরি হয়। মজার ব্যাপার হলো, প্রবাদটি শুধু মানুষের আচরণ বোঝাতে ব্যবহৃত হলেও এর পেছনে বাস্তব প্রাণী আচরণের ছাপও আছে।

পালগত আচরণ: একজনের অস্থিরতা সবার মধ্যে

গরু খুব সামাজিক প্রাণী। ওরা একা থাকতে পছন্দ করে না। একটি গরু ভয় পেলে অনেক সময় পুরো পালই অস্থির হয়ে ওঠে। বিজ্ঞানীরা একে বলেন ‘হার্ড বিহেভিয়ার’ বা পালগত আচরণ। একটি গরু যদি দৌড়াতে শুরু করে, অন্যরাও কারণ না বুঝেই দৌড়াতে পারে। কারণ, তাদের বেঁচে থাকার প্রাচীন প্রবৃত্তি বলে—‘সবার সঙ্গে থাকাই নিরাপদ।’

এ জন্যই কখনো কখনো দেখা যায়, মাঠে একটি গরু আচমকা ছুট দিলে বাকিরাও হুড়মুড় করে দৌড় শুরু করে। দূর থেকে মনে হতে পারে, ওরা হয়তো মেঘ দেখে ভয় পেয়েছে। কিন্তু আসলে একজনের অস্থিরতা পুরো দলের মধ্যে ছড়িয়ে পড়েছে।

গরুর চোখ ও দৃষ্টি

গরুর চোখও মানুষের মতো নয়। ওরা চারপাশ অনেক বিস্তৃতভাবে দেখতে পারে, কিন্তু গভীরতা বোঝার ক্ষমতা তুলনামূলক কম। ফলে আকাশের দ্রুত পরিবর্তন, হঠাৎ অন্ধকার হয়ে যাওয়া বা বিদ্যুতের ঝলক তাদের কাছে বেশি বিভ্রান্তিকর লাগতে পারে। বিশেষ করে সন্ধ্যার সময় ঝড় এলে গরুরা বেশি অস্থির হয়ে ওঠে।

প্রাণীদের আবহাওয়া পূর্বাভাস

শুধু গরু নয়, আরও অনেক প্রাণী আবহাওয়ার পরিবর্তন আগে থেকেই বুঝতে পারে। পিঁপড়া বৃষ্টি আসার আগে ডিম সরাতে শুরু করে, পাখিরা নিচুতে উড়তে থাকে, ব্যাঙ বেশি ডাকাডাকি করে। বিজ্ঞানীরা মনে করেন, প্রাণীরা প্রকৃতির ক্ষুদ্র সংকেতগুলো মানুষের চেয়ে দ্রুত ধরতে পারে।

মজার ব্যাপার হলো, পৃথিবীর কিছু দেশে খামারিরা এখনো গরুর আচরণ দেখে আবহাওয়া আন্দাজ করেন। যদি গরু হঠাৎ একসঙ্গে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে, বারবার ডাকতে থাকে বা অস্বাভাবিক চুপচাপ হয়ে যায়, তাহলে অনেকে ধরে নেন আবহাওয়া বদলাবে।

স্বভাব ও বয়সের পার্থক্য

তবে সব গরু একই রকম নয়। কিছু গরু খুব শান্ত স্বভাবের হয়। ওরা বৃষ্টি বা মেঘে খুব একটা বিচলিত হয় না। আবার কিছু গরু তুলনামূলক ভীতু। মানুষের মতোই ওদের মধ্যেও স্বভাবের পার্থক্য আছে।

আবার গরুর বয়সও একটি কারণ হতে পারে। ছোট বাছুরেরা নতুন শব্দ বা পরিবেশে বেশি ভয় পায়। অভিজ্ঞ বয়স্ক গরু তুলনামূলক স্থির থাকে। তবে যদি কোনো গরুর অতীতে খারাপ অভিজ্ঞতা থাকে, তাহলে ও বয়স বাড়লেও ঝড়ের সময় উদ্বিগ্ন হতে পারে।

গবেষণা ও ভবিষ্যৎ

বিজ্ঞানীরা এখন প্রাণীদের আচরণ নিয়ে আরও গভীর গবেষণা করছেন। কারণ, প্রাণীরা প্রকৃতির পরিবর্তন খুব সূক্ষ্মভাবে বুঝতে পারে। ভূমিকম্প, ঝড় বা সুনামির আগেও অনেক প্রাণীর আচরণ বদলে যেতে দেখা গেছে। যদিও সবকিছু এখনো পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি, তবু এটা পরিষ্কার যে প্রাণীরা পৃথিবীকে অনুভব করে এক অন্য রকম উপায়ে।

তাই পরের বার মাঠে কোনো গরুকে মেঘের দিকে তাকিয়ে অস্থির হতে দেখলে শুধু ‘ভয় পেয়েছে’ ভেবো না। হয়তো ও বাতাসের অদৃশ্য পরিবর্তন শুনছে, দূরের বজ্রের কম্পন টের পাচ্ছে, কিংবা তার মনে পড়ে গেছে কোনো পুরোনো ঝড়ের স্মৃতি।

তথ্যসূত্র: এনভায়রোলিটারেসি.অর্গ