একনেকে ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
একনেকে ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা সরকারের নিজস্ব অর্থায়নে এবং বাকি ২০৪ কোটি ৭৯ লাখ টাকা সংস্থার নিজস্ব অর্থায়নে দেওয়া হবে।

সভার সভাপতিত্ব ও অংশগ্রহণ

বুধবার (১৩ মে) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুমোদিত প্রকল্পের বিবরণ

অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে নতুন ৩টি ও সংশোধিত প্রকল্প ৫টি। এ ছাড়া একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সভায় অনুমোদিত ৯ প্রকল্পের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দুইটি প্রকল্প রয়েছে: চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন (২য় সংশোধন) প্রকল্প ও গণগ্রন্থাগার অধিদফতরের বহুতল ভবন নির্মাণ (২য় সংশোধন) প্রকল্প।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জেলা শহরে বিদ্যমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উন্নীতকরণ-পুনর্নির্মাণ (প্রথম ফেইজ) প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ (৩য় সংশোধন) প্রকল্প, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস নির্মাণ বা পুনঃনির্মাণ (২য় সংশোধন) প্রকল্প, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যা নিরসনে ৪ এক্স এসএম ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা) (৫ম সংশোধিত) প্রকল্প, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প (১) পদ্মা ব্যারেজ (১ম পর্যায়) প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া হতে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প (১ম সংশোধন) অনুমোদন করা হয়েছে।

অবহিতকরণ

সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত দুই প্রকল্প সম্পর্কে একনেক সভাকে অবহিত করা হয়। সেগুলো হলো: ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহের অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।