বৃষ্টির দিনে কাপড় শুকানোর কার্যকরী উপায়
বৃষ্টির দিনে কাপড় শুকানোর কার্যকরী উপায়

বৃষ্টির দিনে কাপড় শুকানোর কার্যকরী উপায়

টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে কাপড় শুকানো এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রোদ না থাকায় এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কাপড়ে ভেজাভাব থেকে যায়, এমনকি অনেক সময় দুর্গন্ধও তৈরি হয়। তবে কিছু সহজ উপায় মেনে চললে এই সময়েও কাপড় দ্রুত শুকানো সম্ভব।

আবহাওয়া দেখে কাপড় ধোয়া

প্রথমত, আবহাওয়ার পূর্বাভাস দেখে কাপড় ধোয়া ভালো। টানা বৃষ্টির দিনে একসঙ্গে অনেক কাপড় না ধুয়ে অল্প অল্প করে ধুলে সেগুলো দ্রুত শুকানো যায়। বৃষ্টি কিছুটা কম থাকলে এবং বাতাস চলাচল ভালো হলে সেই সময় কাপড় ধোয়া ও শুকানোর জন্য উপযুক্ত।

পানি ঝরিয়ে নেওয়া

কাপড় ধোয়ার পর ভালোভাবে পানি ঝরিয়ে নেওয়া খুব জরুরি। কাপড় যত কম ভেজা থাকবে, তত দ্রুত শুকাবে। হাতে ধোয়া কাপড় ভালোভাবে চিপে পানি বের করতে হবে, আর মেশিনে ধুলে ঠিকভাবে নিংড়ে নিতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বায়ু চলাচলের ব্যবস্থা

বৃষ্টির দিনে ঘরের ভেতর এমন জায়গায় কাপড় শুকাতে হবে, যেখানে বাতাস সহজে চলাচল করে—যেমন জানালার পাশে, দরজার কাছে বা বারান্দায়। কাপড় ঝুলানোর সময় গাদাগাদি না করে কিছুটা ফাঁকা রেখে দিলে দ্রুত শুকায় এবং দুর্গন্ধ কম হয়।

ফ্যান ও জানালার ব্যবহার

রোদ না থাকলে ঘরের ভেতর ফ্যান চালিয়ে কাপড় শুকানো যেতে পারে। একই সঙ্গে জানালা খোলা রাখলে বাইরের বাতাস ঢুকে শুকানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

শোবার ঘরে কাপড় না শুকানো

যে ঘরে ঘুমানো হয়, সেখানে কাপড় না শুকানোই ভালো, কারণ এতে আর্দ্রতা বেড়ে গিয়ে ঘুমে সমস্যা হতে পারে এবং ঠান্ডা-কাশির ঝুঁকি বাড়ে।

লবণের ব্যবহার

কাপড় শুকানোর ঘরে একটি পাত্রে লবণ রাখলে তা অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে, ফলে কাপড় দ্রুত শুকায়।

ইস্ত্রি ও তোয়ালের কৌশল

এছাড়া ভেজা কাপড়ের ওপর একটি শুকনো তোয়ালে রেখে তার ওপর গরম ইস্ত্রি চালালে তাপ ও তোয়ালে মিলে কাপড়ের আর্দ্রতা শোষণ করে নেয়, ফলে কাপড় দ্রুত শুকিয়ে যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ