বর্তমানে বাজারে পাকা আমের ভিড়। হিমসাগর, ল্যাংড়া, ফজলি সহ বিভিন্ন জাতের আমে চারপাশে মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। অনেকেই আম কেনার পর সরাসরি ফ্রিজে রেখে দেন, কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি একটি বড় ভুল, কারণ এতে আমের আসল স্বাদ ও পুষ্টিগুণ ক্ষতিগ্রস্ত হয়।
কেন ফ্রিজে রাখা উচিত নয়?
বিশেষজ্ঞরা বলছেন, কাঁচা বা আধাপাকা আম কখনোই ফ্রিজে রাখা উচিত নয়। কম তাপমাত্রায় আমের স্বাভাবিক পাকার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, ফলে এর মিষ্টতা ও সুগন্ধ কমে যায়। তাই আম পাকার আগে ফ্রিজে না রাখাই ভালো।
সঠিকভাবে আম সংরক্ষণের নিয়ম
সঠিকভাবে আম সংরক্ষণের জন্য কিছু নিয়ম অনুসরণ করা জরুরি। বাজার থেকে একেবারে বেশি পাকা আম না কিনে হালকা শক্ত বা সদ্য পাকা আম বেছে নেওয়াই ভালো। বেশি পাকা আম হলে তা দ্রুত খেয়ে ফেলা উচিত।
ঘরের তাপমাত্রায় সংরক্ষণ
আম সংরক্ষণের জন্য ঘরের স্বাভাবিক তাপমাত্রায় কাগজে মুড়িয়ে রাখা একটি ভালো পদ্ধতি। এতে আম থেকে নির্গত গ্যাস ধীরে ধীরে পাকার প্রক্রিয়াকে সহায়তা করে। এছাড়া আম এমন জায়গায় রাখা উচিত যেখানে সরাসরি রোদ পড়ে না এবং বাতাস চলাচল থাকে।
পাকা আম ফ্রিজে রাখা
তবে আম পুরোপুরি পেকে গেলে তবেই ফ্রিজে রাখা যেতে পারে। তখন বুঝতে হবে আম হালকা নরম হয়েছে এবং বোঁটার কাছ থেকে মিষ্টি গন্ধ বের হচ্ছে। এই অবস্থায় ফ্রিজে রাখলে আম কিছুদিন ভালো থাকে এবং স্বাদও তুলনামূলকভাবে অক্ষুণ্ণ থাকে।
আম ফ্রিজে রাখার সময় একটি এয়ারটাইট পাত্রে বা প্লাস্টিকের ব্যাগে রেখে ফ্রিজের নিচের তাকে রাখুন। এতে আমের গন্ধ অন্যান্য খাবারে ছড়াবে না এবং আম দীর্ঘদিন তাজা থাকবে।



