কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি খাবারের দোকান থেকে কেনা মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত একটি ব্যাঙ পাওয়া গেছে। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ওই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (১ জুন) বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
ঘটনার বিবরণ
জানা গেছে, উপজেলার ‘নান্না বিরিয়ানি হাউজ’ নামের একটি দোকান থেকে আতোয়ার রহমান ও আশিকুর রহমান পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরিবারের সদস্যদের, বিশেষ করে শিশুদের খাবার পরিবেশন করার সময় একটি প্যাকেটের ভেতরে আস্ত একটি ব্যাঙ দেখতে পান তারা। এতে পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে।
প্রশাসনের ব্যবস্থা
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন জানান, খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য কঠোর সতর্ক করা হয়েছে।
এই ঘটনার পর থেকে এলাকায় খাদ্যদ্রব্যের মান নিয়ে প্রশ্ন উঠেছে। ভোক্তারা আরও কঠোর নজরদারি দাবি করেছেন।



