কবি মাহামুদুল হাসান নিজামীর ইন্তেকাল: রাঙ্গামাটিতে শোকের ছায়া
কবি মাহামুদুল হাসান নিজামীর ইন্তেকাল, রাঙ্গামাটিতে শোক

কবি মাহামুদুল হাসান নিজামীর ইন্তেকাল: রাঙ্গামাটিতে শোকের ছায়া

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার সন্তান, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি ও কাউখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি, সাহিত্যিক ও সাংবাদিক মাহামুদুল হাসান নিজামী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। গত বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে রংপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানা গেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিবার

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই, কাউখালীর সাংবাদিক আরিফুল হক মাহবুব। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। গুণী এই ব্যক্তির মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হোসাইন। শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানসহ রাঙ্গামাটি জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

একাধারে কবি, সাংবাদিক ও গীতিকার

মাহামুদুল হাসান নিজামী একাধারে কবি, সাংবাদিক, গীতিকার ও সুরকার ছিলেন। তিনি জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক এবং দৈনিক ডেসটিনির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও কাজ করেছেন। আরবি, ফার্সি, উর্দু ও ইংরেজিসহ একাধিক ভাষায় তার দখল ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বসাহিত্যের ধ্রুপদী কবিতার বাংলা কাব্যানুবাদ

বিশ্বসাহিত্যের ধ্রুপদী কবি শেখ সাদী, ফরিদ উদ্দিন আত্তার ও ইমরুল কায়েস–এর কবিতার প্রথম বাংলা কাব্যানুবাদ করে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন। মাহামুদুল হাসান নিজামীর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১৪০টি। এছাড়া তিনি পাঁচ হাজারেরও বেশি কবিতা ও গান রচনা করেছেন। বাংলা সাহিত্যে বানান সংস্কার ও গবেষণার নতুন ধারা তৈরিতে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জীবন ও পরিবার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকায় জন্মগ্রহণ করলেও তিনি স্থায়ীভাবে বসবাস করতেন রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা সদরে। তিনি দেশবরেণ্য আলেম মরহুম মাওলানা আব্দুল্লাহর বড় ছেলে এবং চট্টগ্রাম পুলিশ লাইন জামে মসজিদের খতিব ইসলামী চিন্তাবিদ মাওলানা মনসুরুল হক জিহাদীর বড় ভাই।

মৃত্যুর পরের ঘটনা

পরিবার সূত্রে জানা গেছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে রংপুরে গিয়েছিলেন তিনি। সেখানে হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম জানাজা শুক্রবার সন্ধ্যায় ঢাকার বাংলা একাডেমি অথবা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, দ্বিতীয় জানাজা রাঙ্গামাটির কাউখালী উপজেলায় এবং তৃতীয় জানাজা চট্টগ্রামের লালখান বাজার এলাকায় অনুষ্ঠিত হবে। পরে কাউখালী কেন্দ্রীয় কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।