জাতীয় নজরুল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে গড়ার আহ্বান মন্ত্রীর
জাতীয় নজরুল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে গড়ার আহ্বান

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, যেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসে এবং এটি একটি আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পায়। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে উপাচার্যের কার্যালয়সংলগ্ন কনফারেন্স কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নজরুলের অসাম্প্রদায়িক চেতনার কথা স্মরণ

মন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। তিনি একদিকে গজল, হামদ ও নাত রচনা করেছেন, অন্যদিকে শ্যামাসংগীত, কীর্তন ও ভজনও লিখেছেন। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তার অনবদ্য অবদান রয়েছে।

ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

তিনি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা শিক্ষার জন্য ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ নতুন কিছু বিভাগ চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সভায় তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়টির উদ্বোধন করেছিলেন। তার উদ্বোধনের স্থান বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে রাখলেই তাকে মুছে ফেলা যাবে না। সূর্যের আলো যেমন হাত দিয়ে ঢেকে রাখা যায় না, তেমনি ইতিহাসও মুছে ফেলা সম্ভব নয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিদর্শনকালে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ সময় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ত্রিশালে এবার পাঁচ দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তীর আয়োজন করা হচ্ছে, যা এ অঞ্চলের ইতিহাসে সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন হবে। অনুষ্ঠানে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা অংশ নেবেন বলেও তিনি জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।