শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করা গেলে বই বিক্রিকে শিল্প হিসাবে স্বীকৃতি দিতে সরকারের কোনো বাধা নেই। শুক্রবার (৮ মে) দুপুর ১২টায় বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নোট-গাইডের পরিবর্তে সহযোগী বই
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা এমন দিকে ধাবিত হচ্ছে যে, নোট-গাইড আর দরকার হবে না। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, 'শিক্ষকরা যে প্রেসক্রিপশন দেন, এই নোট গাইড পড়তে হবে, এটা করা যাবে না। শিক্ষকদের সহযোগী বইয়ের তালিকা দিয়ে দিতে হবে, শিক্ষার্থীরা সেটা কিনবে।'
মুদ্রণশিল্পের গুরুত্ব
তিনি আরও বলেন, 'প্রিন্টিং প্রেস খুবই সম্মানজনক ব্যবসা। আমরা যে সাশ্রয়ে বই তৈরি করি, সেটা বিশ্বের অন্য দেশ পারে না। আমাদের দেশে মোটামুটি সস্তায় বই বিক্রি হয়। আমি চাই মুদ্রণশিল্পে একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করুক। আপনাদের অনুরোধ করবো, বইয়ের ব্যবসা করেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য।'
মানসম্মত কাগজ ব্যবহারের আহ্বান
শিক্ষামন্ত্রী বই প্রকাশকদের উদ্দেশ্যে বলেন, 'বই ছাপানোর ক্ষেত্রে যেন মানসম্মত কাগজ ব্যবহার করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।'
শিক্ষায় বাজেট প্রসঙ্গে
মন্ত্রী আরও বলেন, 'খালেদা জিয়া যেভাবে শিক্ষার প্রতি আগ্রহ ও বাজেট দিয়েছেন তা আর কেউ করেনি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও তার মা-বাবার মতো শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন।'



