ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়ার মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পূর্ববর্তী ঘটনা
এর আগে রবিবার (১০ মে) প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। পরবর্তী সময়ে চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে (ইসরাফিল রতন) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মোনামির বক্তব্য
পোস্টে অধ্যাপক মোনামি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনও প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের আহ্বানে সহকারী প্রক্টরের দায়িত্ব নিতে সম্মত হন। তিনি জানান, একজন তরুণ শিক্ষক হিসেবে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া তার জন্য ছিল অত্যন্ত সম্মানের।
তিনি লেখেন, গত দুটি বছর আমি সাইফুদ্দীন স্যারের কাছে থেকে শিখেছি কীভাবে একজন প্রক্টরকে অতিমানব মাত্রার ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি কীভাবে হাসিমুখে নির্বিকার থেকে ট্যাকেল দিতে হয়। সর্বোপরী কীভাবে নিজের আত্মসম্মান সমুন্নত রাখতে হয়।
‘ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা ও মমতায় তিনি শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন, তার টিম মেম্বার হিসেবে আমরাও তাই করার চেষ্টা করেছি, করছি।’ লেখেন তিনি।
তিনি আরও লেখেন, ‘জুলাই এবং জুলাই পরবর্তী সময় আদৌ এই দেশে আর আসবে কিনা আমি জানি না। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনও প্রক্টর ও তার টিম এমন সিচুয়েশন ফেস করেননি, করবেনও নাহ।’



