রসায়ন: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন
প্রশ্ন: ‘CH3-CH2-OH হাইড্রোকার্বন নয়’—কেন?
উত্তর: হাইড্রোকার্বনের সংজ্ঞানুসারে, হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত জৈব যৌগগুলোকে হাইড্রোকার্বন বলা হয়। কিন্তু CH3-CH2-OH যৌগে কার্বন ও হাইড্রোজেন ছাড়া অক্সিজেন বিদ্যমান। তাই CH3-CH2-OH যৌগটি হাইড্রোকার্বন নয়।
অ্যালকেনের অপূর্ণ দহন কেন অধিক ক্ষতিকারক?
প্রশ্ন: অ্যালকেনের অপূর্ণ দহন পরিবেশের জন্য অধিক ক্ষতিকারক কেন?
উত্তর: অ্যালকেনের দহন বিক্রিয়ায় পর্যাপ্ত বায়ু বা অক্সিজেনের সরবরাহ পর্যাপ্ত না হলে অ্যালকেনের অপূর্ণ দহন হয় এবং এর ফলে বিষাক্ত CO ও C উত্পন্ন হয়।
2CH4+3O2→2CO+4H2O+ তাপশক্তি
CH4+O2→C+2H2O+ তাপশক্তি
এই কার্বন মনোক্সাইড (CO) গ্যাসটি বিষাক্ত, যা রক্তের অক্সিজেন শোষণ ক্ষমতা কমিয়ে দেয়। কার্বন কণা কালি হিসেবে পাতিলের নিচে জমা হয়। কারখানা ও যানবাহন থেকে নির্গত কার্বন কণাযুক্ত কালো ধোঁয়া পরিবেশদূষণ ঘটায়। অপূর্ণ দহনে কম তাপশক্তি উত্পন্ন হয় বলে অধিক জ্বালানি ব্যবহার করতে হয়। এতে বৈশ্বিক উষ্ণায়ন ত্বরান্বিত হয়। এসব কারণেই অ্যালকেনের অপূর্ণ দহন পরিবেশের জন্য অধিক ক্ষতিকারক।
ইথানলের দহন বিক্রিয়া
প্রশ্ন: ‘ইথানল দহন বিক্রিয়া দেয়’—ব্যাখ্যা করো।
উত্তর: কোনো পদার্থকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানোকে দহন বিক্রিয়া বলে। ইথানল দহন বিক্রিয়া দেয় এবং এ বিক্রিয়ায় তাপশক্তি উত্পন্ন হয়।
CH3CH2OH+3O2→2CO2+3H2O+তাপশক্তি
উভমুখী বিক্রিয়াকে একমুখীকরণ
প্রশ্ন: উভমুখী বিক্রিয়াকে একমুখীকরণ ব্যাখ্যা করো।
উত্তর: উভমুখী বিক্রিয়াকে বিভিন্নভাবে একমুখী করা যায়। কোনো উভমুখী বিক্রিয়ায় একটি উত্পাদকে যদি ক্রমাগত বিক্রিয়াস্থল থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে বিপরীত বিক্রিয়াটি সংঘটিত হতে পারে না। অর্থাৎ তখন উভমুখী সাম্যাবস্থা আর বজায় থাকে না। যেমন জিংক ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উত্পন্ন হাইড্রোজেন গ্যাসকে পৃথকভাবে সংগ্রহ করা হলে বিক্রিয়াটি একমুখী হয়।
Zn+H2SO4→ZnSO4+H2
আবার বিক্রিয়াটি খোলা পাত্রে সংঘটিত হলে এবং উত্পাদ গ্যাসীয় হলে উভমুখী বিক্রিয়া একমুখী হয়।
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা



