সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলন অব্যাহত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা জানিয়েছেন, প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকেও তাদের সমস্যার সুনির্দিষ্ট সমাধান হয়নি। তাই প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। রোববার (২৬ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।

আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিমন্ত্রী দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিলেও নির্দিষ্ট কোনো সময়সীমা বা দৃশ্যমান অগ্রগতি পাওয়া যায়নি। এ কারণে তারা আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ঘোষণা অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার কথাও জানিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের একজন প্রতিনিধি গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন। কিন্তু ইতিমধ্যে তিন মাসের বেশি সময় পার হয়েছে। আমাদের অনেকে আগের চাকরি ছেড়ে দিয়েছেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। প্রজ্ঞাপন ছাড়া এবার আমরা ঘরে ফিরব না।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এর আগে রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনের সড়কে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। পরে দুপুরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীদের প্রতিনিধিদল। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী যোগদানপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে আশ্বাস দিলেও প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জনকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। তবে ফল প্রকাশের আড়াই মাস পেরিয়ে গেলেও যোগদানের নির্দেশনা না পাওয়ায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে।