খুলনার দৌলতপুর পাটকলের শ্রমিকরা রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বকেয়া বেতন পরিশোধ, ছাঁটাই নোটিশ বাতিল ও বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালুর দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ কর্মসূচি
দুপুরে খালিশপুর এলাকায় দৌলতপুর পাটকলের মূল ফটকের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতারা বলেন, ফরচুন গ্রুপের সঙ্গে লিজ চুক্তি বাতিল করতে হবে। একই সঙ্গে ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি লিমিটেডের কাছ থেকে শ্রমিকদের বকেয়া বেতন তাৎক্ষণিক পরিশোধের দাবি জানান তারা।
শিল্প রক্ষার দাবি
বক্তারা বলেন, বন্ধ সরকারি পাটকলগুলো পুনরায় চালু করতে হবে। দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্রুত দাবি পূরণ না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় পাটকল শ্রমিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবু দাউদ বিন মুহাম্মদ, প্লাটিনাম জুট মিলস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি খলিলুর রহমান ও কারখানা কমিটির সদস্য সচিব ফরিদ আহমেদ। দৌলতপুর পাটকল কারখানা কমিটির সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



