দৈনিক ইত্তেফাকের অনলাইনে সংবাদ প্রকাশের পর মনোহরগঞ্জ উপজেলা মডেল মসজিদের মাইকে শোনা গেল আজানের ধ্বনি। প্রায় এক বছর পর মাইকে আজান শুনে মুসুল্লীদের মাঝে স্বস্তি ফিরেছে। সম্প্রতি মসজিদটি পরিদর্শন করেছেন গণপূর্ত অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হিরা। পরিদর্শন শেষে মসজিদের যাবতীয় সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ।
সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের নড়েচড়ে বসা
গত ৬ এপ্রিল দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইনে “মডেল মসজিদে নামাজ আদায় হলেও মাইকে শোনা যায় না আজান” এ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছেন। মসজিদের খতিব মুফতি হাবিবুল্লাহর সাথে কথা হলে তিনি জানান, ২০২৫ সালের ১ মার্চ মসজিদটির কার্যক্রম চালু করা হয়। চালুর পরপরই বিকল হয়ে পড়ে মাইক।
দীর্ঘদিনের দুর্ভোগের অবসান
গত এক বছর ধরে নানা জটিলতায় মসজিদটিতে নামাজ পরিচালনায় সীমাহীন দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, মাইক নষ্ট থাকায় আজানের শব্দ বাহিরে থেকে শোনা যেত না। সম্প্রতি দৈনিক ইত্তেফাক পত্রিকায় সংবাদ প্রকাশের পর ৮ মে শুক্রবার মসজিদটিতে মাইকে আজান চালুর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও মসজিদটিতে পানি উত্তোলনের মোটর পাম্প, সুপেয় পানির সংকটসহ অন্যান্য সমস্যা অতি দ্রুত নিরসনের বিষয়ে নির্দেশনা দেয়া হয়। এমন পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
নির্বাহী প্রকৌশলীর পরিদর্শন
এ বিষয়ে কথা হলে গণপূর্ত বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হিরা ইত্তেফাককে বলেন, মসজিদের মাইকে আজান শোনা যায় না বিষয়টি অবগত হওয়ার পর গত ৬ মে বুধবার সরেজমিনে মনোহরগঞ্জ মডেল মসজিদটি পরিদর্শন করার কথা জানান তিনি। তিনি আরও বলেন, বর্তমানে মসজিদের মাইকটি সচল রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে অসম্পন্ন বাকি কাজ সম্পাদন করতে ঠিকাদারকে নির্দেশনা দেয়া হয়েছে।



