হজের ভিড় এড়াতে মক্কার স্কুলে অনলাইন ক্লাস চালু
হজের ভিড় এড়াতে মক্কার স্কুলে অনলাইন ক্লাস

হজ মৌসুমকে সামনে রেখে পবিত্র মক্কা নগরীর যানজট ও অতিরিক্ত জনসমাগম নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। এই সপ্তাহ থেকেই নগরীর কিছু স্কুল ও মাদ্রাসায় আংশিক অনলাইন বা দূরশিক্ষণ কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজযাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখা এবং পরিবহন ব্যবস্থার ওপর চাপ কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

শুক্রবার (৮ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গলফ নিউজ। মক্কা অঞ্চলের শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্দিষ্ট কিছু এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাসের পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠদান পরিচালিত হবে। বিশেষ করে মাদ্রাসাতি প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখা হবে, যাতে তাদের পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে।

কবে থেকে কার্যকর

সরকারি পরিকল্পনা অনুযায়ী, চলতি সপ্তাহের মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস কার্যকর থাকবে। মূলত হজের সময় মক্কায় লাখো মানুষের সমাগম ঘটে। এই বিশাল জনস্রোত সামাল দিতে এবং মসজিদ আল-হারামের আশপাশের সড়কগুলোতে যানবাহনের চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সুবিধা ও ব্যবস্থাপনা

এতে হজযাত্রী ও সেবাপ্রদানকারী সংস্থাগুলোর যান চলাচল আরও সহজ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। পাশাপাশি নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাও আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভৌগোলিক অবস্থান ও গুরুত্ব বিবেচনায় নির্দিষ্ট কিছু স্কুলকে অনলাইন কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এর মধ্যে মসজিদুল হারামের আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান, দ্বিতীয় ও তৃতীয় রিং রোড সংলগ্ন স্কুলগুলো উল্লেখযোগ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ছাড়া যেসব স্কুল ভবন হজ কার্যক্রম উপলক্ষে বিভিন্ন সরকারি সংস্থার অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে, সেসব প্রতিষ্ঠানেও সরাসরি ক্লাস বন্ধ রাখা হবে। মক্কা শিক্ষা বিভাগ জানিয়েছে, পুরো পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। একই সঙ্গে অনলাইন পাঠদানের মান বজায় রাখতে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষকে নিয়মিত ডিজিটাল প্ল্যাটফর্ম তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।