চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে প্রায় ৭০০ যাত্রী নিয়ে ট্রেনটি আটকা পড়ে। এই ঘটনায় ট্রেনের এক সহকারী লোকোমাস্টার (এএলএম) আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ফেনী রেলস্টেশনে প্রবেশের সময় বন্ধ হয়ে যায় চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন। পরে চট্টগ্রাম থেকে রিলিফ ইঞ্জিন আনলে প্রায় ৫ ঘণ্টা ২০ মিনিট পর ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
ইঞ্জিনের ত্রুটি ও আহত সহকারী লোকোমাস্টার
ফেনী রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ হারুন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে সকাল ৭টা ৫০ মিনিটে ট্রেনটি আটকা পড়ে। ট্রেনটির ইঞ্জিনের ‘ট্যাবলেট কভার’ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ত্রুটি শনাক্ত ও সমাধানের চেষ্টা করতে গেলে সহকারী লোকোমাস্টার মোহাম্মদ কাওসার আহমেদ ধোঁয়ায় আহত হন। তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। তবে তিনি সুস্থ আছেন।
যাত্রীদের ভোগান্তি ও বিকল্প ব্যবস্থা
এ সময় কালবৈশাখী ঝড় ও ভারি বৃষ্টিপাত হওয়ায় আটকে পড়া যাত্রীরা চরম বিপাকে পড়েন। দীর্ঘ সময় বসে থাকায় ভোগান্তি পোহান তারা। পরে চট্টগ্রাম থেকে রিলিফ ইঞ্জিন আনলে দুপুর ১টা ১০ মিনিটে ফেনী ছাড়ে চট্টলা এক্সপ্রেস। ট্রেনটি প্ল্যাটফর্মে আটকে থাকলেও পাশের দুটি লাইন সচল থাকায় অন্য ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
স্টেশন মাস্টার আরও জানান, ফেনী থেকে যেসব যাত্রী এই ট্রেনে ওঠার কথা ছিল, তাদের অনেকেই টিকিট ফেরত নিয়ে বিকল্প পরিবহনে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।



