চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যদের প্রতিরোধের মুখে ওই ২৮ জন বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে বৃহস্পতিবার বিকেলে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পতাকা বৈঠকের ফলাফল

বাঙ্গাবাড়ি সীমান্তে ওই পতাকা বৈঠকে বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর বিষয়টি সমাধান করবে বলে বিজিবিকে জানিয়েছে। পতাকা বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

পুশইন চেষ্টার বিবরণ

বিজিবির অধিনায়ক বলেন, এর আগে গত বুধবার ভোররাতে বিএসএফ সদস্যরা ২৮ জনকে বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেন। কিন্তু বিজিবির বাধার মুখে সে চেষ্টা ব্যর্থ হয়। ওই ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ শিশু। তাঁরা সীমান্তের শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ড) অবস্থান করছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজিবির অধিনায়ক জানান, কোনো অবস্থাতেই ওই ২৮ জনকে বাংলাদেশ ভূখণ্ডে আসতে দেওয়া হবে না। সীমান্ত দিয়ে বিএসএফের পুশইনের ঘটনা জনগণকে নিয়ে প্রতিহত করার ঘোষণাও দেন তিনি। আরিফুল ইসলাম বলেন, বাঙ্গাবাড়ি সীমান্তের কিছু এলাকা দিয়ে পুশইন করা সহজ, সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে বিএসএফ। তবে এরই মধ্যে বিজিবিও সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তে বিজিবির টহলসহ অন্যান্য নজরদারি বাড়ানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ