চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় পৃথক বজ্রপাতে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকালে বৃষ্টির সময় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার গ্রামের রাব্বিলের ছেলে আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মেসবাউল, নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম ও নেজামপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের শাফিউলের ছেলে হাসান আলি লালু (২১)।
শিবগঞ্জের ঘটনা
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার ওই তিনজন বাড়ির পাশের আমবাগানে আম কুড়ানোর সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, তিন মৃতের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সদর উপজেলার ঘটনা
সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, সদর উপজেলার আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে যান আব্দুল্লাহ। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাচোল উপজেলার ঘটনা
নাচোল উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কাটার পর বাড়ি ফেরার পথে সুমিয়ারা বেগম এবং নেজামপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের শাফিউলের ছেলে হাসান আমকুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান। নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
আর্থিক সহায়তা
সদর ও নাচোল উপজেলার মৃতদের পরিবারগুলোকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। সব মিলিয়ে ছয়টি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়েছে।



