চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে গোহালবাড়ি গ্রামের বাসিন্দা মো. এমরান হোসেনের (৫৭) গোয়াল ঘরে একদল চোর গরু চুরির চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে চোর সন্দেহে ফিরোজ আলীকে হাতেনাতে আটক করা হয়। চিৎকার শুনে গ্রামের উত্তেজিত স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং ফিরোজ আলীকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন।
নিহতের পরিচয়
নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই বস্তির মৃত নুর নবীর ছেলে। তিনি গত ৫ বছর যাবত ভোলাহাটের গোহালবাড়ি গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
চিকিৎসা ও মৃত্যু
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা করে।
মামলা ও গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, গোহালবাড়ি গ্রামে কয়েকজন গরু চুরি করতে গেলে জনগণের রোষানলে পড়ে গণপিটুনির শিকার হয়ে ফিরোজ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মা মোসাম্মৎ ফেরদৌসী বাদী হয়ে ১৫-১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।



