রুমিন ফারহানার বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগে হেফাজতের মানববন্ধন
রুমিন ফারহানার বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। মঙ্গলবার (২ জুন) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ‘সচেতন ইসলামপ্রিয় জনতা’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ

মানববন্ধনে হেফাজতে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন জেলা হেফাজতে ইসলামের যুববিষয়ক সম্পাদক জুনায়েদ কাসেমী, ছাত্রবিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাসেমী এবং সরাইল উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি হাজী মহিবুল ইসলামসহ অন্যরা।

অভিযোগ ও বক্তব্য

বক্তারা অভিযোগ করেন, রুমিন ফারহানা সাম্প্রতিক এক বক্তব্যে ইসলাম, আজান ও ওয়াজ নিয়ে কটূক্তি করেছেন। তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কোনো ধরনের অপসংস্কৃতি মেনে নেওয়া হবে না এবং ইসলাম নিয়ে কটূক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের ঘটনা

এর আগে সোমবার (১ জুন) শাহবাজপুরে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে রুমিন ফারহানা বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ‘যে রাষ্ট্র ৬ বছরের শিশুকে ধর্ষণ ও বলাৎকারের হাত থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়?’

তিনি আরও বলেন, ‘গত দুই বছরে একের পর এক মাজার ভাঙা হয়েছে, কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়েছে। দক্ষিণপন্থা বা ডানপন্থা উগ্রবাদের উত্থান আমরা দেখেছি। কিন্তু আমার দেশের মাটি এমন ছিল না। এই দেশে যেমন কোরআন তিলাওয়াত শুনেছি, তেমনি হারমোনিয়াম নিয়ে শিশুদের গান শেখার দৃশ্যও দেখেছি। তাহলে এই বাংলাদেশকে কারা মৌলবাদের ভূমি বানাতে চায়?’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ

উল্লেখ্য, গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়া শহরে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী কওমি মাদরাসার শিক্ষার্থীদের বাধার মুখে স্থগিত করা হয় বলে আয়োজকদের অভিযোগ। একই দিন রাতে কসবা উপজেলার তালতলা গ্রামেও প্রশাসনের হস্তক্ষেপে চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।