চীনের অভিনন্দন খলিলুর রহমানকে জাতিসংঘ অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায়
চীনের অভিনন্দন খলিলুর রহমানকে জাতিসংঘ সভাপতি নির্বাচিত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ফলাফল ঘোষণার পর ঢাকায় চীন দূতাবাস এক অভিনন্দনবার্তা প্রকাশ করে।

চীনের বিবৃতি

বার্তায় বলা হয়, খলিলুর রহমানের এ বিজয় বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা এবং গঠনমূলক ভূমিকার প্রতিফলন। চীন আশা প্রকাশ করেছে, নবনির্বাচিত সভাপতি হিসেবে খলিলুর রহমান সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য জোরদার করবেন, সার্বভৌম সমতা সমুন্নত রাখবেন, আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করবেন এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে বহুপাক্ষিকতার ভিত্তি আরও শক্তিশালী করবেন। তার দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহায়তা দিতে চীন প্রস্তুত রয়েছে বলেও দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়েছে।

নির্বাচনের ফলাফল

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ১৯০টি ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে জয়ী হন খলিলুর রহমান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস পান ৯১ ভোট। ৮ ভোটের ব্যবধানে বাংলাদেশের প্রার্থী নির্বাচিত হন। আগামী এক বছর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন। ৮ সেপ্টেম্বর অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ