সুন্দরবন অঞ্চলে সক্রিয় নতুন ডাকাত দল ‘চাচা-ভাইপো’ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
অভিযানের বিবরণ
তিনি জানান, ‘চাচা-ভাইপো’ নামে একটি নতুন ডাকাত দল গঠন করে ফের সুন্দরবনে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় খুলনার রূপসা খেয়াঘাট ও কাটাখালীর মোড় সংলগ্ন এলাকায় সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ডাকাত দলের সদস্য মো. নাজমুল শেখ ও হানিফ শেখকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ছয়টায় কোস্টগার্ড ও পুলিশ সুন্দরবনের শেলা নদীর বটতলার খাল সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তিনটি একনলা বন্দুক, একটি পাইপ গান, একটি খেলনা পিস্তল ও ১৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।
আটকদের পরিচয়
আটক ডাকাত মো. নাজমুল শেখ ও হানিফ শেখ বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সঙ্গে জড়িত থেকে সুন্দরবন এলাকায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। গত ১৭ মে ‘ছোট সুমন বাহিনী’র আত্মসমর্পণ করলেও তারা ‘চাচা-ভাইপো’ নামে একটি নতুন ডাকাত দল গঠন করে পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল বলে জানায় কোস্টগার্ড।
কোস্টগার্ডের বিশেষ অভিযান
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের লে. শেখ সাদমান বিন মাহমুদ জানান, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবেই ‘চাচা-ভাইপো’ বাহিনীর সদস্যদের আটক করা সম্ভব হয়েছে। সুন্দরবন অঞ্চলে ডাকাতি ও বনদস্যুতা নির্মূলে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।



