চাঁদপুরের হাজীগঞ্জে নানির সঙ্গে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় মিম আক্তার ইভা (১০) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে পৌরসভাধীন রান্ধুনীমূড়া এলাকার অনি-রনি ব্রিকসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি তার নানির সঙ্গে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। নিহত মিম উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ রায়চোঁ মুন্সী বাড়ির মো. ইমান হোসেনের মেয়ে। সে স্থানীয় হযরত উমর বিন খাত্তাব (রা.) মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশের কার্যক্রম
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
প্রশাসনের বক্তব্য
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। সড়কে চলাচলের সময় সবাইকে আরও সতর্ক থাকতে হবে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী ট্রাক ও অন্যান্য যানবাহনের কারণে পথচারীরা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। প্রশাসনের কাছে সড়কে গতি নিয়ন্ত্রণ ও সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।



