চাঁদপুরে লঞ্চ সংঘর্ষে আহত ১০, আতঙ্কিত যাত্রীরা
চাঁদপুরে লঞ্চ সংঘর্ষে আহত ১০ যাত্রী

চাঁদপুরে ঝড়ের মধ্যে দ্রুত ঘাটে ভিড়তে গিয়ে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৫ মে) বেলা ২টার দিকে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় ঈগল-৭ ও ময়ূর-২ লঞ্চের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানিয়েছেন, সংঘর্ষে ঈগল-৭ ও ময়ূর-২ লঞ্চের একাংশ দুমড়েমুচড়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে দুই ঘণ্টা ঘাটে আটকা ছিলেন যাত্রীরা। প্রবল বাতাস ও ঝড়ের কারণে লঞ্চঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

যাত্রীরা জানান, ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে বিপাকে পড়ে। এ সময় ঈগল-৭ লঞ্চের যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয় ঈগল-৭-কে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আতঙ্কিত যাত্রীরা প্রাণ বাঁচাতে ব্যাগ ও মালামাল ফেলে দ্রুত নামতে শুরু করেন। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন। আহত কয়েকজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

লঞ্চ মালিকদের প্রতিনিধি বিপ্লব সরকার বলেন, ‘আমার বয়সে ঘাটে এ ধরনের ঝড় দেখিনি। অল্পের জন্য শত শত যাত্রী রক্ষা পেয়েছেন। ঝড়ের কবলে পড়ে লঞ্চের অনেক ক্ষতি হয়েছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপপরিচালক মো. কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাঁদপুর লঞ্চঘাটে সাতটি লঞ্চ দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় তীব্র ঝড়ের কারণে দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে নামতে গিয়ে কয়েকজন আহত হন। এ ঘটনায় লঞ্চঘাটের চারটি পন্টুনের মধ্যে তিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এগুলো মেরামত করা হবে। বিকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ