রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ৩৪ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে নিলামে তোলা হলে মাছটি ৬৩ হাজার ৮২৫ টাকায় বিক্রি হয়। রোববার (২৪ মে) ভোরে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীর কলাবাগান এলাকায় জেলে খলিলুর রহমানের জালে মাছটি ধরা পড়ে।
নিলামে মাছ বিক্রি
জানা গেছে, সকালে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটে রেজাউল মণ্ডলের আড়তে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি এক হাজার ৭০০ টাকা দরে ৫৮ হাজার ৬৫০ টাকায় মাছটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান। ব্যবসায়ী শাহজাহান বলেন, নিলামের মাধ্যমে মাছটি কিনেছি। পরে অনলাইনে বিক্রির জন্য মাছটির ছবি ও ভিডিও শেয়ার করলে কাতার প্রবাসী সিলেটের এক ব্যক্তি কেনার আগ্রহ প্রকাশ করেন। এরপর প্রতি কেজি এক হাজার ৮৫০ টাকা দরে মোট ৬৩ হাজার ৮২৫ টাকায় তার কাছে মাছটি বিক্রি করা হয় এবং বিশেষ ব্যবস্থায় সিলেটে পাঠানো হয়।
বিপন্ন প্রজাতি ও আইনি সতর্কতা
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, বাঘাইর মাছ বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত হওয়ায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী এ মাছ শিকার ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। তবে এ আইন বাস্তবায়নে মৎস্য ও বন বিভাগের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করেন। তিনি জানান, দৌলতদিয়ায় পদ্মা নদীতে ৩৪ কেজির বেশি ওজনের বাঘাইড় মাছ আটক ও বিক্রির বিষয়ে তার জানা নেই।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস বলেন, বিপন্ন প্রজাতির মাছ ধরা বা কেনাবেচা নিষিদ্ধ। তবে এটি বিপন্ন প্রজাতির কিনা, তা মৎস্য কর্মকর্তা নিশ্চিত করে জানালে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



