ঈদুল আজহা নিরাপদ উদযাপনে পুলিশের ২০ দফা পরামর্শ
ঈদুল আজহা নিরাপদ উদযাপনে পুলিশের ২০ দফা পরামর্শ

আসন্ন ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণের প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে পুলিশ। বুধবার (২০ মে) পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়।

ভ্রমণ পরিকল্পনা ও নিরাপত্তা

পুলিশ বলছে, নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে যারা বাড়ি যাবেন, তারা ঈদের আগে ও পরে পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করুন। এতে ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের শেষ মুহূর্তের মারাত্মক ভিড় এড়ানো সহজ হবে। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাস, ট্রেন, লঞ্চ ও স্টিমারের ছাদে এবং ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সড়ক ও যানবাহন নিরাপত্তা

ঈদযাত্রায় চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগাদা না দিয়ে নিয়ম মেনে গাড়ি চালানো এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করার বিষয়ে খেয়াল রাখতে হবে। অপেশাদার, ক্লান্ত বা অসুস্থ চালক যাতে গাড়ি না চালায় সে বিষয়ে সতর্ক থাকা। হাইওয়েতে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহনে চলাচল পরিহার করা; হাইওয়েতে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি না চালানো; ট্রেনে ভ্রমণের সময় পাথর নিক্ষেপ সম্পর্কে সতর্ক থেকে মালামাল নিজ দায়িত্বে রাখা এবং বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নৌযান ও দুর্যোগ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে নৌযানে ভ্রমণ না করা। দুর্ঘটনাকবলিত নৌযান শনাক্তকরণে নৌযান মালিকদের নৌযানগুলো ১০০-১৫০ ফুট লম্বা, দড়ি সংবলিত বয়া এবং লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখতে হবে। লঞ্চ ও ফেরিতে উঠানামার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে।

প্রতারক চক্র থেকে সাবধান

যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকা। কাউকে অজ্ঞান পার্টি, মলম পার্টি বা প্রতারক চক্রের সদস্য সন্দেহ হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে খবর দেওয়া বা ৯৯৯ এ কল করা। অপরিচিত কোনও ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণে সতর্ক থাকতে বলেছে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কোরবানির পশু ও হাট

কোরবানির পশু সংক্রান্ত পরামর্শে বলা হয়েছে, ট্রাক, লঞ্চ, নৌকায় বা ট্রলারে অতিরিক্ত পশু বোঝাই না করা; মহাসড়কের ওপর এবং রেললাইনের পাশে কোরবানির পশুর হাট না বসানো; পশুর হাটে নির্ধারিত হারে হাসিল পরিশোধ করা। কেউ অতিরিক্ত হাসিল অথবা চাঁদা দাবি করলে নিকটস্থ পুলিশকে জানানো। পশুবাহী পরিবহনের সামনে পশুর গন্তব্য, স্থান বা পশুর হাটের নাম লিখে ব্যানার টানিয়ে রাখা। কোরবানির পশুবাহী গাড়ি কোনও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গন্তব্যস্থল ব্যতীত কেউ কোথাও থামাতে পারবে না।

সীমান্ত ও চামড়া পাচার

সীমান্তবর্তী অঞ্চলে পশুর চামড়াবাহী যানবাহন সীমান্তমুখী হলে সেগুলো পাচার হওয়ার সম্ভাবনা থাকে। এ ধরনের সন্দেহজনক ক্ষেত্রে স্থানীয় পুলিশকে জানানো বা ৯৯৯ এ কল করা। কোরবানির পশু বা পণ্যবাহী ট্রাক বা যানবাহনে কোনও যাত্রী পরিবহন না করা।

অর্থ লেনদেনে সতর্কতা

পশুর হাটে অর্থ লেনদেনে সতর্ক থাকা। পশুর হাটে অর্থ লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করা। বড় অঙ্কের নগদ অর্থ বহনের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের সহায়তা (কারেন্সি এস্কর্ট) নেওয়া। জাল টাকা সম্পর্কে সতর্ক থাকা। এ সংক্রান্তে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করা। কোনও নোট জাল সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে জানাতে পরামর্শ দেওয়া হয়। বিকাশ, রকেট, ইউক্যাশ, নগদ ইত্যাদিতে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা। কোনও অবস্থাতেই গোপন পিন নম্বর কারও সঙ্গে শেয়ার না করা।

শপিংমল ও মার্কেটের নিরাপত্তা

শপিংমল বা মার্কেটের নিরাপত্তায় সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরসহ অন্যান্য প্রযুক্তি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি যোগাযোগ

প্রয়োজনে কন্ট্রোল রুম: ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স: ০১৩২০১৮২৫৯৮, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স: ০১৩২০১৭৭৫৯৮, নৌ পুলিশ হেডকোয়ার্টার্স: ০১৩২০১৬৯৫৯৮, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব): ০১৭৭৭৭২০০২৯ নম্বরে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।