মুলাদীতে বিএনপি নেতাকে মারধর, টাকা ছিনতাই, ভূরিভোজের অভিযোগ আ.লীগ কর্মীদের বিরুদ্ধে
মুলাদীতে বিএনপি নেতাকে মারধর ও ছিনতাই, ভূরিভোজের অভিযোগ

বরিশালের মুলাদী উপজেলায় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এক বিএনপি নেতাকে মারধর করে তার কাছ থেকে দুই লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে। ওই টাকা দিয়ে রাতের বেলা ভূরিভোজ করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার বিবরণ

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামের মোসলেম ব্যাপারীর বাড়ির সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই দিন দিবাগত রাত ৪টার দিকে একই গ্রামের সফিক ব্যাপারীর বাড়িতে ওই টাকা দিয়ে ভূরিভোজ করা হয় বলে অভিযোগ।

ছিনতাইয়ের শিকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদার বাদী হয়ে ১০ জনকে আসামি করে সোমবার রাতেই মুলাদী থানায় মামলা করেছেন। আব্দুল মান্নান হাওলাদার পশ্চিম বোয়ালিয়া গ্রামের তোফেল হাওলাদারের ছেলে। তিনি সফিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সোনামদ্দিন বন্দরের মাংস ব্যবসায়ী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযোগ

আল আমিন হাওলাদার মামলায় উল্লেখ করেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার বাবা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পশ্চিম বোয়ালিয়া গ্রামের মোসলেম ব্যাপারীর বাড়ির সামনে পৌঁছলে সেলিম ব্যাপারীসহ ১০-১২ জন লোক হাতবোমা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে পথরোধ করে। তারা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে আব্দুল মান্নান হাওলাদার ও তার ভাতিজা মিরাজ হাওলাদারকে এলোপাতাড়ি মারধর করে। পরে তার কাছ থেকে ২ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই টাকা দিয়েই হামলাকারীরা সোমবার ভোররাত ৪টার দিকে ভূরিভোজ করে।

আহতদের ডাকচিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মামলায় সেলিম ব্যাপারী (২৭), জসিম ব্যাপারী (৩৫), সফিক ব্যাপারী (৩৫), হায়দার ব্যাপারী (৩০), স্বপন ব্যাপারী (৩৩), দুলাল ব্যাপারী (৩৭), কাসেম ব্যাপারী (৫৩), আরিফ ব্যাপারী (৩০), শাহ আলম ব্যাপারী (৫৫) ও মিলন ব্যাপারীকে (২২) আসামি করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযুক্তের বক্তব্য

অভিযুক্ত সেলিম ব্যাপারী ছিনতাইয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, আব্দুল মান্নান হাওলাদার রাস্তার ওপর কুরবানির চামড়ার স্তূপ করেছিলেন। এতে পরিবেশে দুর্গন্ধ ছড়ানোয় তাকে চামড়া সরিয়ে নিতে বলায় তার ছেলেরা সোমবার দুপুরে স্থানীয় ২-৩ জনকে ধাওয়া করেন। সন্ধ্যায় ওই বিষয়ে জিজ্ঞাসাবাদ করায় আব্দুল মান্নান ক্ষিপ্ত হন এবং আওয়ামী লীগের রাজনীতি করায় ব্যাপারী বাড়ির লোকদের নামে মিথ্যা মামলা করেন। এছাড়া রাতে ভূরিভোজ নয়, ব্যাপারী বাড়ির পারিবারিক মিলনমেলায় খাওয়া দাওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

পুলিশের অবস্থান

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, দুজনকে মারধরের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।