আওয়ামী লীগের জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যু
আওয়ামী লীগের জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সন্ধ্যায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আওয়ামী লীগে দীর্ঘ অবদান

জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি (২০১৬–২০১৭) এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

জানাজার নামাজ ও দাফন

শনিবার রাত সোয়া আটটার দিকে ইউসুফ হোসেন হুমায়ুনের চেম্বারের সহকর্মী আইনজীবী নাজমুল হাসান রাকিব প্রথম আলোকে বলেন, আগামীকাল রোববার বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুরে তাঁকে দাফন করার কথা রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জন্ম ও রাজনৈতিক জীবন

ইউসুফ হোসেন হুমায়ুনের জন্ম ১৯৩৬ সালের ১৪ নভেম্বর ভোলায়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। প্রবীণ এই আইনজীবী ও রাজনীতিবিদ ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ