প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবার জন্য পানি নিশ্চিত করতে পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজ নিয়েও কাজ করবে বিএনপি। বুধবার (২০ মে) টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন একটি গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
ভূগর্ভস্থ পানি ব্যবহার বিপজ্জনক
তারেক রহমান বলেন, খাল খননের সঙ্গে ভূমিকম্পের সম্পর্ক রয়েছে। গত ২০ বছরে ভূগর্ভস্থ থেকে প্রচুর পানি তোলা হয়েছে, যা আগামী ২০ বছরেও রিচার্জ হবে না। তাই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা যাবে না, কারণ এটি বিপজ্জনক হয়ে উঠছে। সবার জন্য পানি নিশ্চিত করতে পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজ নিয়েও কাজ করবে বিএনপি।
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি
প্রধানমন্ত্রী বলেন, খাল ও নদী খননের মাধ্যমে ভূমিকম্প মোকাবিলা করতে হবে। দুর্যোগ ঠেকানো সম্ভব নয়, তবে মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন, মন্ত্রণালয়ের সচিব ও অধিদপ্তরের মহাপরিচালক।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন, পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। সবশেষে সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি।



