পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, চলমান প্রকল্পগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার পাশাপাশি নতুন প্রকল্প সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে মিল রেখে সম্পন্ন করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কর্মসংস্থান ও অর্থনীতি পুনরুদ্ধারে নির্দেশনা
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার যে এক কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা নিয়েছে, সেগুলো বাস্তবায়নের দিকে নজর রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামো পুনরুদ্ধারের পাশাপাশি উন্নয়ন বাজেটকে দুর্নীতিমুক্ত, সর্বোচ্চ ও গুণগতমান বজায় রেখে শেষ করারও তাগিদ দেওয়া হয়েছে।
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বাস্তবায়নে আলোচনা
এছাড়া সরকার যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করার পরিকল্পনা নিয়েছে, সে উপযোগী পরিবেশ তৈরি করতেও জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করা হয়। প্রতিমন্ত্রী বলেন, এসব লক্ষ্য অর্জনে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।



