সরকারি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি অপচয় ও দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
প্রকল্প বাস্তবায়নে নতুন নির্দেশনা
সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের অংশ হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘আগে যেমন চলেছে এখনো সেরকম চলার কোনো সুযোগ নেই। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমাও অসীম নয়।’
বিনিয়োগের রিটার্ন নিশ্চিত করতে হবে
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘প্রকল্পগুলোতে যে বিনিয়োগ হচ্ছে, সেখান থেকে কি আয় আসবে, ফেরত আসবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি হবে- সেই জায়গাটাও গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে। গত কিছুদিনের অভিজ্ঞতায় অনেকগুলো প্রকল্পের ক্ষেত্রে ২০১৭ সালের প্রকল্প নেওয়া হয়েছে, এখনো সেটা চলমান। কয়েক দফা সংশোধন এবং ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ব্যয় ব্যতিরেকেও সময়সীমা বাড়ানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এইসব ক্ষেত্রে যে বাধাগুলো হচ্ছে, কেন প্রকল্প যথাসময় এবং সাশ্রয়ীভাবে আমাদের বাস্তবায়ন হয় না- সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং সেইসব বিষয়ে সত্যিকার পরিবর্তন কী আনা যাবে, সেগুলো নিয়ে আলোচনা চলছে।’
নীতিমালা ও অ্যাকশন প্ল্যান প্রস্তুত
প্রতিমন্ত্রী জানান, ‘ইতোমধ্যেই এইসব বিষয় নিয়ে প্রতি মুহূর্তে আলোচনার মধ্য দিয়ে একটা নীতিমালা, কিছু সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে, যাতে করে খুব দ্রুত সেটা বাস্তবায়ন করা যায়। বাজেটের সাথে সাথে যেভাবে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক সামনে আনার চেষ্টা হবে, একই সাথে এডিপি বাস্তবায়নের যে দুর্বলতাগুলো, সীমাবদ্ধতা কিংবা সমস্যাগুলো- সেগুলোকে চিহ্নিত করে তার সমাধান কত দ্রুত আনা যায়, সেই বিষয়ে আমরা দৃশ্যমান পদক্ষেপ নিতে পারব।’



