কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা
আহতরা হলেন সানি, হৃদয়, ফরহাদ, জহির, গোলাপ, ইসমাইল মিয়া, জুয়েল মিয়া, সগির আহমেদ ও রাজু মিয়া। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
দীর্ঘদিনের দ্বন্দ্ব
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ময়দর মুন্সি বাড়ির সঙ্গে বধুর গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে ময়দর মুন্সি বাড়ির ফরহাদের সঙ্গে একই বাড়ির মাসুমের বাকবিতণ্ডা হয়। পরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়।
পুলিশের হস্তক্ষেপ
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ইউপি সদস্য মেরাজ মিয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বধুর গোষ্ঠীর লোকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আমাদের পক্ষের ১০ জনের বেশি লোক আহত হয়েছে।
অন্যদিকে, বধুর গোষ্ঠীর বাদশা মিয়া বলেন, ময়দর মুন্সি বাড়ির মাসুম মিয়া আমাদের বংশের সঙ্গে মিলে যাওয়ায় তাদের বংশের মেরাজ মেম্বার ও ফরহাদ মিয়া মাসুমকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।
আইনগত ব্যবস্থা
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস জানান, উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরের সোলায়মানপুর এলাকায় ময়দর মুন্সি বাড়ির মাসুম মিয়ার সঙ্গে একই বংশের ফরহাদের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।



