পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে থাকা বিজেপি এবার দুইজন উপ-মুখ্যমন্ত্রী নিয়োগ দিতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রায় দুই দশক পর রাজ্যের প্রশাসনে ফিরছে এই পদ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন আসানসোল দক্ষিণের বিজয়ী প্রার্থী অগ্নিমিত্রা পল এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
অমিত শাহের কলকাতা সফর ও বৈঠক
বর্তমানে কলকাতায় অবস্থান করছেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (৮ মে) তিনি নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। দলীয় সূত্র বলছে, বৈঠকে অগ্নিমিত্রা পল ও শঙ্কর ঘোষের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন তিনি। বিজেপির অভ্যন্তরীণ সূত্রের দাবি, অগ্নিমিত্রা পলকে প্রথম এবং শঙ্কর ঘোষকে দ্বিতীয় উপ-মুখ্যমন্ত্রী করা হতে পারে।
পশ্চিমবঙ্গের উপ-মুখ্যমন্ত্রীর ইতিহাস
পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সর্বশেষ উপ-মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের সময় তিনি এ দায়িত্ব পালন করেন। পরে ২০০০ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর নিজের মন্ত্রিসভায় আর উপ-মুখ্যমন্ত্রীর পদ রাখেননি বুদ্ধদেব। পরবর্তীতে ২০১১ সালে ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেও উপ-মুখ্যমন্ত্রীর কোনো পদ ছিল না।
শপথ অনুষ্ঠানের সম্ভাবনা
নতুন সরকার আগামী ৯ মে শপথ নিতে পারে। শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্র আরও জানিয়েছে, শপথের আগে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।



