চট্টগ্রামে গুলিতে যুবক নিহত, শিশু আহত
চট্টগ্রামে গুলিতে যুবক নিহত, শিশু আহত

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন রেশমি আকতার (১১) নামে এক শিশু। নিহত যুবকের নাম হাসান প্রকাশ রাজু। তার বাড়ি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে। তার বাবার নাম আবুল কালাম। তিনি রৌফাবাদ এলাকায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১০টার দিকে শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, ‘রৌফাবাদ শহীদ মিনার এলাকায় গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়। নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

তদন্ত চলছে

কে বা কারা গুলি করেছে এবং ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘ঘটনার তদন্ত চলছে’। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বায়েজিদ থানাধীন রৌফবাদ কলোনির শহিদ মিনার গলিতে রেশমি আক্তার দোকানে যাওয়ার সময় কিছু সন্ত্রাসী হঠাৎ গুলি ছোড়ে। সেখান থেকে একটি গুলি শিশুর চোখে লেগে গুরুতর আহত হয়। তাকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৮ নং ওয়ার্ডে ভর্তি দেন। গুলিবিদ্ধ রেশমি আক্তার রৌফাবাদ কলোনির রিয়াজ আহমেদের মেয়ে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ