নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষে মো. মহসিন সরদার (৪৩) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ
জানা যায়, নারায়ণগঞ্জ অঞ্চলের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল ডাকাতি প্রতিরোধে রাত্রিকালীন টহলে বের হন। এ সময় তাদের ব্যবহৃত নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উলটে যায়।
উদ্ধার ও মৃত্যু
টহল দলের বাকি সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও পুলিশ সদস্য মো. মহসিন সরদার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিচয়
নিহত মহসিন সরদারের বাড়ি খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামে। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে। পরিবারে তার বৃদ্ধ মা, স্ত্রী, ১৪ বছরের ছেলে সিয়াম এবং ১৯ বছরের মেয়ে নিশিথা আক্তার মুন্নি রয়েছে।
পুলিশের বক্তব্য
নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সহকর্মীরা শোকাহত। তার লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা আছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



