ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে আরও একটি ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পোস্তগোলা ব্রিজের নিচে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তাঁর পরিচয় এখনো পাওয়া যায়নি। এ নিয়ে গত সাত দিনে দেশের নদ-নদী থেকে মোট ১৮টি লাশ উদ্ধার হলো।
ঘটনার বিবরণ
আজ শুক্রবার সকালে যোগাযোগ করা হলে ঢাকা অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, গতকাল বিকেলের দিকে অজ্ঞাতপরিচয় ওই নারী পোস্তগোলা ব্রিজ থেকে বুড়িগঙ্গায় ঝাঁপ দেন। নদীতে থাকা নৌকার মাঝিরা বিষয়টি দেখতে পেয়ে নৌ পুলিশের হাসনাবাদ ফাঁড়িতে খবর দেন। পরে নৌ পুলিশ এসে রাতে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
শরীরে আঘাতের চিহ্ন নেই
আবদুল্লাহ আল মামুন আরও বলেন, ওই নারীর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তাঁর বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। পরনে রয়েছে লাল-কালো রঙের ছাপার সুতির শাড়ি এবং নেভি ব্লু ব্লাউজ। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। অপরাধ থেকে আরও পড়ুন।



