‘তনু-রামিসা-আছিয়া, বিচার থাকে ঝুলিয়া’— এই স্লোগানে রামিসাসহ সব হত্যা ও ধর্ষণের বিচার দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর। বৃহস্পতিবার (২১ মে) রাত ৯টায় বাংলামোটর অফিসের নিচে প্রাথমিক সমাবেশ শেষে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, উত্তরের ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম।
যুগ্ম-সদস্য সচিব আব্দুল্লাহ মনসুরের সঞ্চালনায় উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “মিরপুরে রামিসা, ক্যান্টনমেন্টে তনু, বসুন্ধরায় মুনিয়া কিংবা ঢাবির ছাত্রী নিপীড়ন ও হত্যার শিকার হন।” রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতাকে খুশি করার নামে যৌন নিপীড়ন ঘটে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় গেছেন অথচ তার দলের রংপুরের পীরগঞ্জের বিএনপি নেতা দলের কেন্দ্রীয় নেতাকে খুশি করার জন্য অল্প বয়সের মেয়ে খোঁজেন। প্রধানমন্ত্রীকে বলবো— এই বিষয়ে দল থেকে তদন্ত করে সবাইকে আটক করতে হবে। ধর্ষণ ও হত্যাকাণ্ডের ক্ষেত্রে দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে। সব রাজনৈতিক দলে ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ গঠন করতে হবে।”
ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা বলেন, “আমাদের দেশে নারীদের নিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। তাকে সম্মান ও শ্রদ্ধার চোখে দেখতে হবে।”
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবশক্তির পশ্চিমের সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, যুগ্ম-আহবায়ক ওমর ফারুক, ওয়াহিদ আলম, খালেদা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক নুর আমিন খান, ওয়াহিজ্জামান সুমন, রেহেনা আক্তার রুমা, তাহমিনা শারমিন জুথি প্রমুখ।



