জামালপুর সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর বালুচাপা অবস্থায় জয়নাল উদ্দিন নয়ন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শরিফপুর ইউনিয়নের ফকিরবাড়ি বালুঘাট এলাকার ব্রহ্মপুত্র নদের তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জয়নাল উদ্দিন নয়ন ছোট জয়রামপুর গ্রামের বাসিন্দা ও মৃত জলিল মিয়ার ছেলে।
স্থানীয়দের মাধ্যমে খবর
স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্র নদের তীরে বালুচাপা অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তিন দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন নয়ন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে তারা মরদেহ উদ্ধারের খবর পান।
নিহতের মায়ের বক্তব্য
নিহতের মা জবেদা বেগম বলেন, আমার ছেলে তিন দিন ধরে বাড়িতে আসে না। অনেক খুঁজছি, কোথাও পাই নাই। পরশু রাতে বাড়ি থেকে ভাত খেয়ে বের হয়েছিল, এরপর আর আসেনি। আমার স্বামী ৪০ বছর আগে মারা গেছেন। আমার ছেলেই সংসার চালাত।
পুলিশের কার্যক্রম
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, ৯৯৯ এবং স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়ভাবে নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



