ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী এক নেতার বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। একাধিক অডিও কলের রেকর্ড যুগান্তরের হাতে এসেছে, যেখানে ওই নেতাকে লক্ষাধিক টাকা দাবি করতে শোনা যায়।
অভিযুক্ত নেতা আবু সাঈদ রনি
অভিযুক্ত ছাত্রদল নেতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ রনি। অডিওতে তাকে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাছ থেকে মামলা 'হোল্ড' রাখার কথা বলে টাকা দাবি করতে শোনা যায়।
অডিওতে যা আছে
ফাঁস হওয়া অডিওতে রনি ছাত্রলীগ নেতাকে বলেন, 'একটি মামলার তালিকায় কয়েকজনের নাম এসেছে, টাকা দিলে বিষয়টি হোল্ড রাখা যেতে পারে। ছাত্রদল-ছাত্রলীগ একসঙ্গেই ক্যাম্পাসে সব ঠিকঠাক করে, শিবিরের বিরুদ্ধে সবাই।' ছাত্রলীগ নেতা কাকে কত টাকা দিতে হবে জানতে চাইলে রনি বলেন, 'তুই কত দিতে পারবি সেটা বল, আমি এডজাস্ট করে বলব।' তিনি আরও বলেন, 'টাকা সব জায়গায় দেওয়া লাগবে, সমন্বয়ক, শিবির, আমাদের প্রেসিডেন্ট-সেক্রেটারি সব জায়গায় টুকটাক যাবে।'
ছাত্রলীগ নেতার আর্থিক সচ্ছলতা
অন্য একটি অডিওতে রনি বলেন, 'কারো কারো কাছ থেকে ৫০/৩০/২০ হাজার টাকা দিয়েও বিষয়গুলো ম্যানেজ করার চেষ্টা চলছে। তবে তোর আর্থিক সচ্ছলতা বেশি থাকায় হয়তো বেশি চাওয়া হয়েছে।' তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'মামলা থাকলে বিদেশে যাইতে ও পাসপোর্ট ভেরিফিকেশন এ সরকার দেবে না, নির্বাচনের পর বিএনপি আসলে এক কথা।'
অভিযুক্তের বক্তব্য
অভিযুক্ত আবু সাঈদ রনির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে তিনি চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের বলেন, 'আমি এমন কোনো ঘটনার সঙ্গে জড়িত নই। আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছিল।'
ছাত্রদল নেতাদের প্রতিক্রিয়া
শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, 'এ রকম কোনো ঘটনা আমার জানা নেই। ৫ আগস্টের পরে আমরা বলে দিয়েছিলাম কেউ যদি প্রেসিডেন্ট সেক্রেটারির নাম ভাঙিয়ে কিছু বলে তাহলে সরাসরি আমাদের জানাবেন।'
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, '৫ আগস্ট পরবর্তী সময় থেকেই অন্যায় অপকর্মে না জড়ানোর জন্য আমাদের দল থেকে কঠোর নির্দেশনা ছিল। আমরা আমাদের নেতাকর্মীরা কোনো অন্যায় অপরাধ করলে সেটা আমাদের জানাতে বলেছিলাম। এতদিন পর আসা এমন বিষয়টি ভিত্তিহীন।'
প্রসঙ্গত, অডিও রেকর্ডটি ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ের। সে সময় ভয়ে ওই ছাত্রলীগ নেতা বিষয়টি প্রকাশ করেননি। তবে সম্প্রতি রনি ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে আসার গুঞ্জন ছড়িয়ে পড়লে অডিওটি প্রকাশ পায়।



