চট্টগ্রামে পৃথক অভিযানে বিপুল পরিমাণ জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৬ মে) রাতে নগরীর পাঁচলাইশ ও জেলার হাটহাজারী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আহসান উল্লাহ প্রকাশ হাসান, জাহিদুল ইসলাম ওরফে আসিফ ও হাসানুর রাফি।
অভিযানের বিস্তারিত
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় আহসান উল্লাহকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
হাটহাজারীতে আরও গ্রেফতার
অপরদিকে শনিবার রাতে হাটহাজারী থানাধীন আলীপুর আব্বাসিয়াপুর এলাকা থেকে জাহিদুল ইসলাম ও হাসানুর রাহি নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের দুজনের পকেট থেকে সাড়ে ৮’শ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এসব ঘটনায় নগরীর পাঁচলাইশ ও চট্টগ্রামের হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব কর্মকর্তারা জানান, জাল টাকা তৈরির চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত জাল নোটের পরিমাণ ও প্রকৃতি সম্পর্কে আরও তদন্ত চলছে।



